অর্পিত সম্পত্তিতে ঘর-দোকান তুলে বিপুল টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের পাশে ১৯০ শতাংশ অর্পিত সম্পত্তিতে বস্তিঘর ও দোকানপাট বসিয়ে প্রতি মাসে তিন-চার লাখ টাকা ভাড়া বাবদ হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি গোষ্ঠী। প্রভাব খাটিয়ে তারা আনুমানিক ৩০ কোটি টাকা মূল্যের ওই জমি দখল করে রেখেছে।গত ২ জানুয়ারি রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) তানজিলা ইসলাম এক পত্রে (সঞ্চারক নং-এস, এ/উচ্ছেদ নথি/৩৭/২০১১-৩৪) ওই জমিতে জালাল মিয়া, আমির হোসেন, মাকসুদা বেগম ও রমজান মিয়া নামের ব্যক্তিদের অবৈধ দখল থেকে স্থাপনা উচ্ছেদ এবং উচ্ছেদ চলার সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ মফিজুর রহমানকে দায়িত্ব দেন। রহস্যজনক কারণে জেলা প্রশাসন ছয় মাসেও ওই অর্পিত সম্পত্তি অবৈধ দখলমুক্ত করার কোনো পদক্ষেপ নেয়নি।জেলা প্রশাসন সূত্র জানায়, অর্পিত সম্পত্তি দখল নিয়ে নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) আইরিন পারভীন ২০১১ সালের ১৬ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে লিখিত প্রতিবেদন পাঠান।প্রতিবেদনে বলা হয়, চাষাঢ়া মৌজার এসএ ৬২ খতিয়ানের ২৩ দাগে ১৯০ শতাংশ সরকারি অর্পিত সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তির বেশির ভাগই অবৈধ দখলে। দখলদারেরা সেখানে ঘর ও দোকান নির্মাণ করেছে। দখলদার রমজান মিয়া, জালাল মিয়া, আমির হোসেন, মাকসুদাসহ সবাই উচ্ছৃঙ্খল প্রকৃতির। সরকারি সম্পত্তি জবরদখলে প্রশাসন বারবার বাধা দিলেও তারা অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছে।অনুসন্ধানে জানা গেছে, ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর সেনাবাহিনীর সহায়তায় জেলা প্রশাসন ওই সম্পত্তি দখলমুক্ত করে। ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরপর ওই জমিতে ফের বস্তিঘর, দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া শুরু করে দখলদারেরা। একসময় বেশির ভাগ সম্পত্তিতে জলাশয় থাকলেও দখলদারেরা বালু ফেলে তা ভরাট করে ফেলে। ২০০৯ সালের ১৬ মার্চ জেলা প্রশাসন বাধা দিতে গেলে অবৈধ দখলদার ও তাদের নিয়োজিত সন্ত্রাসীরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে অনেক কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মামলাও হয়।স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে গড়ে ওঠা ওই সব বস্তিঘরে অবাধে মাদকের ব্যবসা চলে। সন্ধ্যার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ও এর দুই পাশ দিয়ে চলাচলকারী পথচারী বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকেরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন। এ ছাড়া বস্তি ঘরগুলোতে সুষ্ঠু পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই। বাঁশের ঝুলন্ত টয়লেটের কারণে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। সরকারি জলাশয় ভরাট করে ফেলায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। ফলে সামান্য বৃষ্টিতে এই জমির আশপাশে থাকা ইসদাইর, জামতলা, চাষাঢ়ার চাঁদমারী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, চাষাঢ়া রেলস্টেশনের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা বস্তি এলাকা থেকে প্রায়ই অপরাধ তৎপরতার খবর পাওয়া যায়। সেখানে পুলিশের নজরদারি রয়েছে। অবৈধ দখলের ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খুরশিদ আলম বলেন, ১৯০ শতাংশ অর্পিত সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে খুব শিগগির অভিযান চালানো হবে। দখলমুক্ত করার পর সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন ও কয়েকটি সরকারি অফিস নির্মাণের পরিকল্পনা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।