অর্পিত সম্পত্তিতে যুবলীগ নেতার পাকা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী পৌরসভা-সংলগ্ন দক্ষিণ গোবর্দ্ধন গ্রামে আবদুর রব সরদার নামের এক ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে তিন একর ৬১ শতাংশ অর্পিত সম্পত্তি ইজারা নিয়েছিলেন। শর্ত লঙ্ঘন করে ওই জমিতে পাকা ভবন নির্মাণ করায় ইজারা বাতিল করেছে সরকার। তবু নির্মাণ অব্যাহত রেখেছেন আবদুর রব সরদার।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, আবদুর রব সরদারের ছেলে রঞ্জু সরদার উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁরা অবৈধভাবে পাঁচ কোটি টাকার সম্পত্তি দখল করলেও প্রশাসন ওই ভবন ভাঙতে পারেনি এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারেনি।
স্থানীয় লোকজন, উপজেলা ভূমি কার্যালয়, দখলদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ গোবর্দ্ধন মৌজায় ৩ একর ৬১ শতাংশ জমির মালিক ছিলেন সুভাষিনী দেবী। ১৯৬৫ সালে তিনি দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের আবদুল মালেক সরদারকে সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে ভারতে চলে যান। পরে মালেক সরদার ওই সম্পত্তিতে টিনের ঘর বানিয়ে পরিবার নিয়ে বসবাস করেন। ১৯৭০ সালে মালেক সরদার ওই জমি অর্পিত সম্পত্তি (ভিপি) হিসেবে তালিকাভুক্ত করার আবেদন করেন।
উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী সাজেদা বেগম বলেন, ‘১৯৭০ সালে এক আদেশে ওই সম্পত্তি ভিপিভুক্ত করা হয়। ওই বছরই দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের আবদুল মালেক সরদারকে জমিটি ইজারা দেওয়া হয়।’
মালেক সরদারের ছেলে আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, ১৯৮৪ সালের ১০ অক্টোবর তাঁর চাচা একই গ্রামের আবদুর রব সরদার গোপনে ইজারায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন। ২০০৬ সালের ২১ অক্টোবর তাঁর বাবা মারা যান। ২০০৭ সালে ২ জুলাই মালেক সরদারের কোনো ওয়ারিশ নেই বলে মিথ্যা তথ্য দিয়ে তাঁর চাচা শুধু নিজের নামে জমি ইজারা নেন। এরপর তাঁদের উচ্ছেদ করে তাঁরা ভোগদখল করেন।
দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের মিলন সরদার (৩২) ও সোনামদ্দিন সরদার (৪৫), পশ্চিম শাওড়া গ্রামের কালাই সরদারসহ (৩৮) অনেকেই জানান, রব সরদারের ছেলে যুবলীগের নেতা রঞ্জু সরদার ইতিমধ্যেই পৈতৃক সম্পত্তি দাবি করে ইজারার শর্ত লঙ্ঘন করে বাড়ির প্রায় ২০ লাখ টাকার মূল্যবান গাছ বিক্রি করেছেন। গত ফেব্রুয়ারি মাসে ওই সম্পত্তির মধ্যে ১০ শতক জমিতে শর্ত লঙ্ঘন করে পাঁচতলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। একতলার ছাদ ঢালাই দেওয়ার সময় তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর কাছে লিখিত অভিযোগ করে নির্মাণকাজ বন্ধের দাবি জানান। ইউএনও ২৬ ফেব্রুয়ারি রঞ্জু সরদারকে কারণ দর্শানোর নোটিশ দেন। রঞ্জু নির্মাণকাজ অব্যাহত রাখলে গত ৩০ এপ্রিল গৌরনদী ভূমি কার্যালয় নির্মাণকাজ বন্ধে লিখিত নির্দেশ দেয়। রঞ্জু দলীয় প্রভাব দেখিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
গত ৩০ জুন সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। অন্যান্য কাজে ব্যস্ত শ্রমিকেরা।
রঞ্জু সরদার বলেন, ‘ইজারা নেওয়া জমিতে ভবন নির্মাণ করছি। ইজারার জমিতে পাকা ভবন করা যাবে না, এমন তথ্য আমি জানি না।’
সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াছুর রহমান বলেন, ‘কোনো ব্যক্তি ইজারা নেওয়া ভূমির প্রকৃতি পরিবর্তন করা বা পাকা ভবন নির্মাণ করতে পারবেন না। রঞ্জু তা অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রাখায় ৩ জুলাই তাঁদের ইজারা বাতিল করা হয়েছে।’ ইজারা বাতিলের পরও নির্মাণকাজ অব্যাহত রাখা প্রসঙ্গে ভূমি কমিশনার বলেন, রঞ্জু সরদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।