অর্পিত সম্পত্তির ইজারার ৫০০ কোটি টাকা অনাদায়ি
দেশের বিভিন্ন উপজেলায় অর্পিত সম্পত্তি ইজারা বাবদ ৫০০ কোটি টাকা অনাদায়ি পড়ে আছে। সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তারা এ টাকা আদায়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, টাকা আদায় না হওয়ায় সরকারের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গতকাল বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে উত্থাপিত ভূমি মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অর্পিত সম্পত্তি বিভাগ থেকে জানানো হয়েছে, দেশের উপজেলা ভূমি অফিসগুলো অর্পিত সম্পত্তি ইজারার টাকা আদায়ে আন্তরিক নয়।
দেশের মোট ৪৮৫টি সার্কেল ও উপজেলায় অনাদায়ি টাকার তুলনায় আদায়ের পরিমাণ অনেক কম। রাষ্ট্রের স্বার্থে বকেয়া টাকা আদায় করা জরুরি।
তবে সংসদীয় কমিটির সভাপতি রেজাউল করিম সাংবাদিকদের বলেছেন, কার্যপত্রে উল্লেখ থাকলেও বিষয়টি নিয়ে গতকালের বৈঠকে কোনো আলোচনা হয়নি।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, দেশে অর্পিত সম্পত্তির পরিমাণ ছয় লাখ ৬০ হাজার একর। অর্পিত সম্পত্তির জটিলতা দূর করতে বর্তমান সরকার গত মেয়াদে কয়েক দফায় এ-সংক্রান্ত আইন সংশোধন করে। আইন অনুযায়ী ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি সরকারের দখলে আছে, যা ইজারা দেওয়া হয়েছে। ‘খ’ তালিকার সম্পত্তি ব্যক্তির দখলে রয়েছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে সংসদীয় কমিটি অর্পিত সম্পত্তির জটিলতা নিরসনে আইন পরিবর্তনের সুপারিশ করে।
কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফসহ এ কে এম মাঈদুল ইসলাম, একাব্বর হোসেন, মকবুল হোসেন ও সামছুল আলম অংশ নেন।