অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশের ৭৪ দিন পর গণবিজ্ঞপ্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে অর্পিত সম্পত্তির বিষয়ে গেজেট প্রকাশের ৭৪ দিন পর গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখনো ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। আবার আবেদনের মেয়াদ ফুরিয়ে এলেও প্রশাসনের এ-সংক্রান্ত কোনো প্রচারণা নেই। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সম্পত্তি ফিরে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।জেলা আইনজীবী সমিতি ভবনে গতকাল শুক্রবার দুপুরে জেলা পূজা উদ্যাপন পরিষদের এক সভায় এসব বিষয়ে নানা অভিযোগ তুলে ধরা হয়। জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা সেখানে জানান, গোপালগঞ্জে গেজেট প্রকাশ হয়েছে গত ২৬ এপ্রিল। আর এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক স্বাক্ষর করেছেন চলতি মাসের ৮ তারিখে। তার ওপর এ বিষয়ে কোনো ধরনের প্রচার নেই। অথচ আইনে বলা আছে, গেজেট প্রকাশের ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে।সভায় আয়োজক সংগঠনের সভাপতি প্রহ্লাদ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজগর আলী খান, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সুনীল চন্দ্র দাস ও সরদার নওশের আহম্মেদ, সমিতির অন্যতম নেতা জগদীশ চন্দ্র বৈদ্য, উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম, ডা. অরুণ কান্তি বিশ্বাস প্রমুখ।সভায় প্রহ্লাদ চন্দ্র বিশ্বাস অভিযোগ করেন, অনেক জেলায় ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হলেও গোপালগঞ্জে তা এখনো করা হয়নি। সবকিছুতেই বিলম্ব করা হয়েছে। ফলে মানুষ এখনো জানে না, কোথায় কীভাবে আবেদন করতে হবে এবং কী কী কাগজ লাগবে। তিনি আরও বলেন, একটি পর্চা, দলিলসহ অন্যান্য কাগজপত্র তুলতে যে সময় প্রয়োজন হবে, তা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পাবে না। কারণ, এরই মধ্যে আড়াই মাস সময় অতিক্রান্ত হয়ে গেছে। মানুষ তাদের সম্পদ যাতে ফিরে না পায়, সে জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এটা করেছে বলে তিনি অভিযোগ করেন।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজগর আলী খান বলেন, শুধু ধর্মীয় সংখ্যালঘুরাই নয়, এ আইনের কারণে মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জমিও ক্রয়সূত্রে অর্পিত সম্পত্তিভুক্ত করা হয়েছে।মুঠোফোনে জানতে চাইলে গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান বলেন, ‘বিজি প্রেস থেকে আমরাই গেজেট পেয়েছি মে মাসের শেষ দিকে। তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন তথ্যকেন্দ্র পর্যায়ে গেজেট পাঠানো হয়েছে। কোনো বিলম্ব করা হয়নি।’মাহমুদুর রহমান জানান, গণবিজ্ঞপ্তি একটি স্থানীয় পত্রিকায়ও দেওয়া হয়েছে। তবে সেভাবে সব পত্রিকায় দেওয়া হয়নি। আর ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যেই প্রক্রিয়া শেষ হবে। জেলা ও দায়রা জজের সঙ্গে রোববার দেখা করে তিনি এ ব্যাপারে আলোচনা করবেন বলে জানান।