অর্পিত সম্পত্তির জন্য আপিল ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ অনুযায়ী, সম্পত্তি প্রত্যর্পণে আপিল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। গতকাল সোমবার এক বিবৃতিতে তাঁরা বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১১ পাস হওয়ার পর বিভিন্ন জেলায় সম্পত্তি প্রত্যর্পণের আবেদন নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। কোনো কোনো জেলায় আবেদনের নিষ্পত্তি হয়েছে বা হওয়ার পথে আছে। নিষ্পত্তি হওয়া আবেদনের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তিরা আবেদন করতে আগ্রহী হলেও এখন পর্যন্ত কয়েকটি জেলায় আপিল ট্রাইব্যুনাল গঠিত হয়নি।বিবৃতিতে বলা হয়, আইন অনুযায়ী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে নির্দিষ্ট সময়ের মধ্যে ‘খ’ তালিকা প্রকাশিত হওয়ার বিধান থাকলেও বেশ কিছু জেলায় এখনো এই তালিকা ভুক্তভোগীরা পাচ্ছেন না। সরকারের নিয়ন্ত্রণাধীন বিজি প্রেস থেকেও এই তালিকার অনুলিপি সরবরাহ করা হচ্ছে না। এই সমস্যা সমাধানে ভূমি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিদাতারা।বিবৃতিতে স্বাক্ষর করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, অর্পিত সম্পত্তি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক কামাল লোহানী, বেসরকারি প্রতিষ্ঠান নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত, আইনজীবী সারা হোসেন, বেসরকারি প্রতিষ্ঠান এএলআরডির শামসুল হুদা, আইনজীবী সুব্রত চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের তবারক হোসেন, পূজা উদ্যাপন পরিষদের মনীন্দ্র কুমার নাথ। বিজ্ঞপ্তি।