অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য আবেদন করার ও নিষ্পত্তির সময়সীমা বাড়িয়ে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ’ জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করা হয়। তবে এতে তারিখ রয়েছে ২৭ আগস্ট।এই সংশোধনী অনুযায়ী, ‘ক’ (সরকারের নিয়ন্ত্রণে থাকা সম্পত্তি) এবং ‘খ’ (সরকারের নিয়ন্ত্রণের বাইরে) তফসিলভুক্ত সম্পত্তির জন্য গেজেট প্রকাশের ৩০০ দিনের মধ্যে আবেদন করা যাবে। আগে এই সময়সীমা ছিল ১২০ দিন। আর আবেদন নিষ্পত্তির জন্য জেলা কমিটি ও ট্রাইব্যুনাল—উভয়ই ৩০০ দিন করে সময় পাবে। আগে জেলা কমিটিতে ১২০ দিন ও ট্রাইব্যুনালে ১৮০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির সময় নির্ধারিত ছিল। অধ্যাদেশে আরও কিছু ছোটখাটো বিষয়ে সংশোধন করা হয়েছে।আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন। এর আগে মন্ত্রিসভার বৈঠকে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়।ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেশ কয়েকজন জেলা প্রশাসক জানিয়েছেন, অনেক ভুক্তভোগী ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তির জন্য নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। এ ছাড়া প্রচুর আবেদন জমা পড়ায় আগের আইনে থাকা নির্ধারিত সময়ে ট্রাইব্যুনাল ও জেলা কমিটিতে নিষ্পত্তি করা সম্ভব নয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদও সময় বাড়ানোর আবেদন জানায়। এসব কারণেই আবেদনের ও নিষ্পত্তির সময় বাড়ানো হয়েছে।এর আগে জুন মাসে এই আইন সংশোধন করে আবেদনের সময় ৯০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছিল। তখন ‘খ’ তফসিলের গেজেট প্রকাশের সময়ও ১৫০ দিন থেকে বাড়িয়ে ৩০০ দিন করা হয়েছিল।