‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১০’ আজ সোমবারই বিল আকারে জাতীয় সংসদে উঠছে। মন্ত্রিসভায় আগেই অনুমোদিত এই বিল গত সপ্তাহে ভূমি মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। সংসদের চলতি অধিবেশনেই বিলটি পাস হতে পারে বলেও জানা গেছে।তবে বিলটিকে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। এই ত্রুটি সংশোধন করে বিলটি সংসদে উপস্থাপনের দাবি করেছে তারা। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছে। ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বিভিন্ন সংস্থা ও বিশিষ্টজনেরাও বিলটিকে ত্রুটিপূর্ণ বলেছেন।কয়েকজন আইনজ্ঞ প্রথম আলোকে বলেছেন, প্রস্তাবিত সংশোধিত আইন অনুযায়ী, সরকারের নিয়ন্ত্রণে থাকা অর্পিত সম্পত্তি বৈধ মালিকেরা ফেরত পাওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে ঢাকায় স্থাপিত ট্রাইব্যুনালে দাবি পেশ করতে পারবেন। ট্রাইব্যুনাল যে রায় দেবেন, তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এ ক্ষেত্রে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রাখা প্রয়োজন, যা প্রস্তাবিত সংশোধনীতে রাখা হয়নি।একটি উদাহরণ উল্লেখ করে তাঁরা বলেন, কোনো একটি পরিবারের চার অংশীদারের তিনজন ভারতে গেলে সেই তিনজনের অংশ অর্পিত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু সংশোধনী প্রস্তাব অনুযায়ী চারজনের যেই জন বাংলাদেশে রয়েছেন, তিনি পুরো সম্পত্তির অংশীদার হতে পারবেন না। অথচ অবণ্টনকৃত ইজমালি সম্পত্তির ক্ষুদ্রতম অংশীদারও একজন হক দাবিদার। সুতরাং পুরো সম্পত্তি ফেরত পাওয়ার ক্ষেত্রে ওই চতুর্থ ব্যক্তিই অগ্রাধিকার পাবেন। কিন্তু আইনের সংশোধনী প্রস্তাবে এই বিধান রাখা হয়নি। তাই এই সংশোধনীতে সমস্যার কোনো সমাধান হবে না।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ অর্পিত সম্পত্তি আইন পাস করেছিল। পরে বিএনপি ক্ষমতায় এসে আইনটি অকার্যকর করে রাখে। এখন ২০০১ সালের আইনটি পুনরুজ্জীবিত না করে কেন নতুন আইন করা হচ্ছে, তা বোধগম্য নয়। অর্পিত সম্পত্তি নিয়ে এত দিন যে সমস্যা ছিল, নতুন আইনটি পাস হলে তা সংকটে পরিণত হবে।তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আইনটি সংসদে ওঠার আগেই সুশীল সমাজ ও অন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা নাকচ করে দিয়েছেন। তাই এখন এটিকে সংসদের কার্যতালিকা থেকে বাদ দিতে হবে। এরপর প্রয়োজনে এ নিয়ে আইন ও ভূমি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি বিশেষ সভা করে একটি খসড়া ঠিক করতে পারে। এরপর এ আইনের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত, তাদেরও মতামত নিতে হবে। আমলানির্ভর আইন করে দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না।অর্পিত সম্পত্তির তালিকা প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ১৯৭৪ সালের তালিকা অনুসারে অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশ করতে হবে। এর বাইরে থাকা সব সম্পত্তিকে অবমুক্ত করতে হবে। আর জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তা নিষ্পত্তির বিধান রাখতে হবে। এ ছাড়া অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের দাবিদার হিসেবে সহ-অংশীদার ও একই পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিতে হবে।সংশোধনী প্রস্তাবে তালিকাভুক্ত সম্পত্তির বিরোধ নিরসনের জন্য তিন পর্যায়ে যাচাই-বাছাই কমিটির কথা বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা কমিটি, অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে জেলা কমিটি থাকবে। সংশ্লিষ্ট সাংসদ ও উপজেলা চেয়ারম্যান কমিটির উপদেষ্টা থাকবেন। এ ছাড়া, ভূমিসচিবকে প্রধান করে নয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি থাকবে। ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ কমিটির উপদেষ্টা থাকবেন।উপজেলা কমিটির সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হলে, তিনি জেলা কমিটি এবং পরে কেন্দ্রীয় কমিটিতে আবেদন করতে পারবেন। উপজেলা কমিটি ১২০ দিন, জেলা কমিটি ৩০ দিন এবং ভূমি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমিটিকে ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে।