অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই প্রামাণিক দলিল পাচ্ছে না জেলা প্রশাসন। নষ্ট হয়ে গেছে ভূমি নিবন্ধন, নামজারি ও জরিপ-সম্পর্কিত দলিল-দস্তাবেজ।গতকাল শনিবার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বাস্তবায়নবিষয়ক এক কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসকেরা (এডিসি-রাজস্ব) এ অভিযোগ করেছেন। ভূমি মন্ত্রণালয় ভূমি জরিপ অধিদপ্তরে এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসকেরা বলেন, জমির মালিকানা নিশ্চিত হওয়ার জন্য বেশির ভাগ ক্ষেত্রে সিএস ও এসএ খতিয়ান পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় আরএস খতিয়ানও নেই। ভূমি নিবন্ধন অফিসেও এই অবস্থা। এডিসিরা আরও বলেন, ‘খ’ তফসিলভুক্ত জমির (ব্যক্তির সম্পত্তি অর্পিত হওয়া) ব্যাপারে জেলা কমিটি বা ট্রাইব্যুনালের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সরকার পক্ষ সংক্ষুব্ধ হলে কোন পদ্ধতিতে আপিল করবে, তা আইনে স্পষ্ট নয়। তা ছাড়া জেলা প্রশাসনের দাবির সমর্থনে দলিল-দস্তাবেজ সংগ্রহ করা এবং প্রয়োজনে আইনজীবী নিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি।অর্পিত সম্পত্তির তালিকার গেজেটে প্রচুর ভুল আছে উল্লেখ করে এডিসিরা বলেন, এ ধরনের সম্পত্তি শনাক্ত করার কাজটি কঠিন হবে।অতিরিক্ত জেলা প্রশাসকেরা বলেন, আইন অনুযায়ী অর্পিত সম্পত্তি শনাক্ত করার জন্য কোনো ব্যক্তি ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারির আগে ভারতে চলে গেছেন কি না, তা জানতে হবে। এ জন্য ১৯৬৯ সালের আগে প্রকাশিত ভোটার তালিকা, একই সময়ের চৌকিদারি, হোল্ডিং ও পৌর করের রসিদ, ১৯৬২ থেকে ১৯৬৯ পর্যন্ত পরিশোধ করা খাজনার রসিদসহ বিভিন্ন কাগজপত্র দেখতে হবে। কাজেই কোনো জমির দাবিদার ১৯৬৯-এর আগে ভারতে চলে গিয়েছিলেন কি না, তা প্রমাণ করা অত্যন্ত কঠিন কাজ।কর্মশালার প্রধান অতিথি ভূমিমন্ত্রী রেজাউল করিম বলেন, কেউ যাতে হয়রানির শিকার বা ক্ষতিগ্রস্ত না হন, সে দিকে লক্ষ রেখে অর্পিত সম্পত্তি হস্তান্তরের কাজ করতে হবে।প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষকে হয়রানি করার জন্য অর্পিত সম্পত্তির তালিকা করতে গিয়ে তহশিলদারেরা নতুন করে কারও জমি এ তালিকায় ঢুকিয়েছেন কি না, তা খতিয়ে দেখতে হবে।ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির জন্য অনেকে ভুয়া কাগজপত্র দিয়ে আপিল করতে পারে। সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।ভূমিসচিব সহকারী কমিশনারদের (ভূমি) ব্যাপারে সতর্ক থাকার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকদের আহ্বান জানান। তিনি বলেন, ‘অভিযোগ আছে, বেশির ভাগ সহকারী কমিশনার ঘুষ ছাড়া কাজ করেন না।’ সচিবের এই মন্তব্যের পর এডিসিদের পক্ষ থেকে বলা হয়, অভিযোগ পেলেও কখনো কোনো সহকারী কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে ভূমি অফিসে দুর্নীতি বাড়ছে।