অর্পিত সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন শ্রেণীর ভূমি অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য হবে, তা নির্ধারণে জটিলতা দেখা দেওয়ায় ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন’ সংসদে আবার উত্থাপন বিলম্বিত হচ্ছে। এ ছাড়া বিলে সহ-অংশীদারকে অর্পিত সম্পত্তি পাওয়ার অধিকার দেওয়া না-দেওয়ার প্রশ্নেও সরকার সিদ্ধান্তহীনতায় রয়েছে।গত বছরের ৭ ডিসেম্বর আইনটি জাতীয় সংসদে উত্থাপন করা হয়। পরে তা ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি সেখানেই আছে।২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংসদে পাস করা হলেও তা কার্যকর হয়নি। কারণ, একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আইনটি কার্যকর করার বিধান রাখা হয়েছিল। কিন্তু সেই গেজেট প্রকাশ করা হয়নি। ২০০২ সালে আইনটি কার্যকর করার ক্ষেত্রে সময়ের বাধ্যবাধকতা উঠিয়ে দিয়ে সংশোধন করা হয়। ফলে সরকারের আর এটি কার্যকর করার বাধ্যবাধকতা নেই। ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে সরকারের নিয়ন্ত্রণে থাকা অর্পিত সম্পত্তির পরিমাণ এক লাখ ৮৯ হাজার একর। এ ছাড়া চার লাখ ৭০ হাজার একর অর্পিত সম্পত্তি বেদখলে রয়েছে। ২০০১ সালের আইনে সরকারের নিয়ন্ত্রণে থাকা সম্পত্তি প্রকৃত মালিক বা তাঁর উত্তরাধিকারীকে ফিরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বাকি সম্পত্তির বিষয়ে ওই আইনে কোনো দায়িত্ব সরকার না নেওয়ায় তা নিয়ে বিতর্ক দেখা দেয়। পাশাপাশি আইনে অর্পিত সম্পত্তির সংজ্ঞা নির্ধারণ না করায় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এ আইন বাস্তবায়নে বিরোধিতা করে। জানতে চাইলে গতকাল মঙ্গলবার ভূমি প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন কার্যকর করতে আন্তরিক। স্বার্থসংশ্লিষ্ট সব পক্ষ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোকে একমত হয়ে মত দিতে বলেছেন। সংসদের চলতি অধিবেশনেই বিল আকারে আইনটি পাস হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হিন্দু আইন অনুযায়ী উত্তরাধিকার নির্ধারিত হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের রায় ও নির্দেশনা অনুযায়ী অবশ্যই অর্পিত সম্পত্তির সংজ্ঞা নির্ধারণ করতে হবে। ২০০১ সালের আইনটি পুনরুজ্জীবিত করা হলেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এখন যা হচ্ছে, তাতে নতুন করে জটিলতা তৈরি হচ্ছে। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, অর্পিত সম্পত্তির সংজ্ঞা নির্ধারণ করা জরুরি। কারণ, কোনো একটি পরিবারের চার অংশীদারের তিনজন ভারতে চলে গেলে তাঁদের অংশ অর্পিত ঘোষণা করা হয়েছে। কিন্তু যে অংশীদার বাংলাদেশে রয়েছেন, তিনি যে পুরো সম্পত্তির অংশীদার হতে পারবেন, সে নিশ্চয়তা কোথায়। অথচ অবণ্টনকৃত এজমালি সম্পত্তির ক্ষুদ্রতম অংশীদার হিসেবে পুরো সম্পত্তি ফেরত পাওয়ার ক্ষেত্রে ওই চতুর্থ ব্যক্তিই অগ্রাধিকার পাবেন।জানা গেছে, বর্তমান বিলটিতে সংসদীয় কমিটি বেশ কিছু সংশোধনী এনেছে। এর মধ্যে রয়েছে, সরকারের নিয়ন্ত্রণে এবং নিয়ন্ত্রণের বাইরে থাকা সব অর্পিত সম্পত্তি (১৯৭৪ সাল পর্যন্ত তালিকাভুক্ত) গেজেটে প্রকাশ করা হবে। আইন কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। যেদিন গেজেট প্রকাশ হবে, সেদিন থেকেই আইন কার্যকর হওয়ার বিধান রাখা হয়েছে। অর্পিত সম্পত্তি দুই ভাবে প্রকৃত মালিক বা উত্তরাধিকারীকে ফেরত দেওয়ার বিধান করা হয়েছে। যে সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, তার বিষয়ে প্রথম ধাপে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে গঠিত জেলা কমিটি এবং দ্বিতীয় পর্যায়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে নিষ্পত্তি করা যাবে।৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) ট্রাইব্যুনাল হবে একজন জেলা জজ পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে। এ ট্রাইব্যুনাল সরকারের নিয়ন্ত্রণের বাইরের সম্পত্তির বিষয় নিষ্পত্তি করবে। উভয় ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে।