অর্পিত সম্পত্তির বিষয়ে হিন্দু সম্প্রদায়ের দাবির প্রতি এরশাদ একাত্ম
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ অর্পিত সম্পত্তির ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন।গতকাল মঙ্গলবার তাঁর বনানী কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্র্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, অর্পিত সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সম্পত্তি। তাই তাদের প্রস্তাব অনুসারেই এ সম্পত্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, সরকার এই বিষয়টি নিয়ে কোনো কার্যকর আইন পাসের উদ্যোগ নিলে জাতীয় পার্টি সর্বাত্মক সহযোগিতা করবে। অনুষ্ঠানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা শচীন কর্মকার, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ সাহা, গুলশান-বনানী পূজা কমিটির সাধারণ সম্পাদক পান্না লাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে হিন্দু সম্প্রদায়ের নেতারা সাবেক রাষ্ট্রপতি এরশাদকে ফুলের তোড়া দিয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে এরশাদ বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ঐতিহ্য যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। তিনি বলেন, ‘আমরা ভিন্ন ভিন্ন ধর্মমত বা পথের মানুষ হতে পারি। কিন্তু প্রতিটি ধর্মের আনন্দ-উৎসব আমরা সবাই সমানভাবে ভাগ করে উপভোগ করি।’