অর্পিত সম্পত্তির মামলা নিষ্পত্তিতে আবেদনের সময় ৩১ ডিসেম্বর
অর্পিত সম্পত্তিসংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য আবেদনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও ভূমি মন্ত্রণালয় থেকে আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-সংক্রান্ত জটিলতা এড়াতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানোর নির্দেশ দেন।
পাশাপাশি এ-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত জেলা জজ ও সেশন জজদেরও আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হবে। আর আপিল নিষ্পত্তি করবেন জেলা দায়রা জজ। বিদ্যমান আইন অনুযায়ী মূল ট্রাইব্যুনাল পরিচালনা করতেন জেলা জজ আদালত, আর আপিল করতে হতো সুপ্রিম কোর্টে।
আইনের এসব ধারা সংশোধন করে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়াতে ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান নীতিমালা ২০১৩’-এর খসড়ায়ও অনুমোদন দেওয়া হয়েছে।
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন)-অধ্যাদেশের খসড়া অনুমোদন সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১ সালের ১১ এপ্রিল জারি করা হয়। এরপর আইনটিতে কয়েকটি সংশোধনী আনা হয়। সর্বশেষ গত ৫ মে আইনের আরও কিছু বিষয় সংশোধন করা হয়।
সংশোধনীতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য কমিটি ও ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো, আবেদনের সময়সীমা বাড়ানো, বিভাগীয় কমিটি গঠন, আপিল ট্রাইব্যুনাল পুনর্গঠনের কথা বলা হয়।
গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, অর্পিত সম্পত্তির আবেদন করার শেষ সময় ছিল গত ৩০ জুন। যাঁরা আবেদন করতে পারেননি, তাঁদের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে আইনটি সংশোধন করা হচ্ছে। বর্তমানে সংসদ অধিবেশন না থাকায় সংশোধিত আইনটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে সচিব জানান। তিনি জানান, দুটি ‘শ্রেণীতে’ অর্পিত সম্পত্তির তালিকা করা হয়েছে। এর মধ্যে ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি সরকারের দখলে রয়েছে বা ইজারা দেওয়া হয়েছে। আর ‘খ’ তালিকার সম্পত্তি সরকারের দখলে বা ইজারায় নেই। এর মধ্যে ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি নিয়ে মামলা নিষ্পত্তিতে ৬১টি জেলায় একটি করে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আদালত (ট্রাইব্যুনাল) এবং আপিল ট্রাইব্যুনাল করার প্রস্তাব গত এপ্রিলে অনুমোদন করে মন্ত্রিসভা। সচিব বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত জেলা জজ ও সেশন জজদেরও আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হচ্ছে। এর ফলে আদালতের সংখ্যা বাড়বে এবং মামলার নিষ্পত্তি দ্রুততর হবে।
মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের আরও জানান, ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান নীতিমালা ২০১৩’-এর খসড়া অনুযায়ী, তাঁদের পরিবারের মাসিক সম্মানী ভাতা বীরশ্রেষ্ঠদের ১২ হাজার, বীর উত্তমদের ১০ হাজার, বীর বিক্রমদের আট হাজার ও বীর প্রতীকদের ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য ৬৭৬ জনকে খেতাব দেওয়া হয়।