অর্পিত সম্পত্তিসংক্রান্ত হয়রানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তিসংক্রান্ত হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিরা। গতকাল রোববার এ দাবিতে ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে ভূমিমন্ত্রী সামছুর রহমানের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নে এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর অসহযোগিতা ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে।
মন্ত্রীর সঙ্গে দেখা করার সময় ঐক্য পরিষদের পক্ষে রানা দাশগুপ্ত, সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, যে সব ক্ষেত্রে ভুক্তভোগীদের পক্ষে রায় দেওয়া হয়েছে তা বাস্তবায়নে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দ্রুত কার্যকর করতে হবে। অহেতুক আপিলের নামে প্রশাসনিক কর্তৃপক্ষের হয়রানি বন্ধ করতে হবে।
স্মারকলিপিতে গত ২৪ অক্টোবর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উত্থাপিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১-এর সংশোধনকল্পে আনা বিলের ৭ নম্বর দফা ২৯ (ক) ধারা সম্পূর্ণ বিলোপ করে স্বল্পতম সময়ের মধ্যে অন্যান্য বিষয় ঠিক রেখে পুনরায় বিলটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উত্থাপনেরও দাবি জানানো হয়। ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা ‘অর্পিত সম্পত্তির “ক” তালিকায় প্রকাশিত গেজেটে বাদপড়া এবং ভুল হওয়া সম্পত্তির সংশোধনী গেজেট প্রকাশ প্রসঙ্গে’ পরিপত্রটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।