তহবিল গঠনের তিন বছরেও বিধিমালা তৈরি না হওয়ায় অলস পড়ে আছে সামাজিক দায়বদ্ধতা তহবিলের (এসওএফ) ৫০০ কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আড়াই বছর আগে একটি বিধিমালা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠালেও এখনো অনুমোদন পায়নি। আবার বিধিমালা তৈরির বিষয়ে মোবাইল অপারেটরদের কোনো মতামত নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে অপারেটররা।
অন্যদিকে ডেটাভিত্তিক সেবা পর্যবেক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত ন্যাশনাল টেলিকম মনিটরিং সেল (এনটিএমসি) ওই সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ৬০ কোটি টাকা বরাদ্দ চাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে মোবাইল অপারেটরদের মধ্যে। তহবিল ব্যবস্থাপনা নিয়ে বিধি না থাকায় এ তহবিলের টাকা অপব্যবহারের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দেশের প্রত্যন্ত এলাকায় টেলিযোগাযোগ খাতের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০১০ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন করে সামাজিক দায়বদ্ধতা তহবিল নামের একটি খাত তৈরি করা হয়। সরকার, দেশি বা আন্তর্জাতিক সংস্থা ও অন্য কোনো বৈধ উৎস থেকে পাওয়া অনুদানে এ তহবিলের অর্থ সংগ্রহের বিধান রাখা হয়েছে। ২০১১ সালে মোবাইল কোম্পানিগুলোর টু-জি লাইসেন্স নবায়ন করার সময় তাদের রাজস্ব আয়ের ১ শতাংশ করে সামাজিক দায়বদ্ধতা তহবিলে দেওয়া বাধ্যতামূলক করে বিটিআরসি। ওই বছরের নভেম্বর থেকে এ তহবিলে টাকা জমা দেওয়া শুরু করে চারটি মোবাইল কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। সিটিসেল ও টেলিটক এ খাতে এখন পর্যন্ত কোনো টাকা জমা দেয়নি।
বিটিআরসি ও অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর বাংলাদেশের (অ্যামটব) তথ্যমতে, চলতি বছরের জুন পর্যন্ত এ খাতে ৪৬৮ কোটি টাকা জমা হয়েছে। চলতি মাস পর্যন্ত এ তহবিলে জমা টাকার পরিমাণ ৫০০ কোটি ছাড়িয়ে যাবে বলে সংস্থা দুটির ধারণা। কিন্তু বিধিমালা না থাকায় এ তহবিলের কোনো টাকাই খরচ করা যাচ্ছে না।
বিটিআরসির আইন শাখার তথ্য অনুযায়ী, ২০১২ সালের জুন মাসে একটি বিধিমালা তৈরি করে অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি। সেখান থেকে অর্থ মন্ত্রণালয় হয়ে বিধিমালাটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত বছরের ১৯ আগস্ট কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণ চেয়ে মন্ত্রণালয় বিটিআরসিতে চিঠি পাঠালে ৩১ অক্টোবর এর জবাব দেওয়া হয়। এরপর ১১ মাস পেরিয়ে গেলেও বিধিমালাটি আলোর মুখ দেখেনি।
কয়েক মাস আগে ডেটাভিত্তিক সেবা পর্যবেক্ষণে প্রক্রিয়াধীন প্রকল্প বাস্তবায়নে তহবিল থেকে ৬০ কোটি টাকা চায় এনটিএমসি। পাশাপাশি তহবিলের ব্যবস্থাপনা কমিটিতে একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করতেও বিটিআরসিকে অনুরোধ জানায় সংস্থাটি। এরপর টেলিযোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিটিআরসিকে চিঠি দিয়ে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা ও সামাজিক কর্তব্য পালনের লক্ষ্যে এনটিএমসিকে এ অর্থ বরাদ্দের সুপারিশ করে। তবে অ্যামটবের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। অ্যামটবের অভিযোগ, সামাজিক দায়বদ্ধতা খাতে তাদের কাছে টাকা আদায় করা হলেও বিটিআরসি নিজেদের মতো করে বিধিমালা প্রণয়ন করছে। বিধিমালার খসড়া করার ক্ষেত্রে অ্যামটবের সঙ্গে কোনো আলোচনাও করেনি।
সংগঠনটির মহাসচিব টি আই এম নুরুল কবীর বলেন, ‘আমরা কিছু সুপারিশ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি, তা বিবেচনায় নিয়ে একটি যৌক্তিক বিধিমালা প্রণয়নের মধ্য দিয়ে উপযুক্ত খাতে এই টাকা খরচ করা হবে।’ এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির সচিব সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, বিধিমালা চূড়ান্ত হলে তহবিল ব্যবস্থাপনায় কমিটি করা হবে। সেখানে অপারেটরদের প্রতিনিধি থাকবেন। ব্যবস্থাপনা কমিটিই তহবিল ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।