অলস সময় কাটাচ্ছেন পশু বিক্রেতারা

বছরখানেক আগে ৮০ হাজার টাকায় দুটি গরু কেনেন এম এ সৈকত। প্রতিদিন দুটি গরুর খাওয়ানো বাবদ খরচ হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা। চার দিন আগে সেই গরু দুটি নিয়ে ঝিনাইদহ থেকে ঢাকার ধূপখোলা হাটে এসেছেন সৈকত। তাঁর স্বপ্ন, এক লাখ টাকা করে দুটি গরু তিনি বেচবেন দুই লাখ টাকায়। এখন পর্যন্ত ১০ জন ক্রেতা তাঁর গরুর দামদর করেছেন। কিন্তু প্রতিটি ৫০ হাজারের বেশি কেউ বলছেন না।
এমন দাম শুনে হতবাক সৈকত। হাসতে হাসতেই বলেন, ‘ক্রেতা এখন ডিমের দামে মুরগি কিনতে চাচ্ছেন। আমি ডিমের দামে মুরগি বেচব না। গরু ফিরিয়ে নিয়ে যাব।’
গতকাল শনিবার দুপুরে ধূপখোলা মাঠে দেখা গেল, সৈকত তিনজনকে সঙ্গে নিয়ে তাস খেলছেন। ক্রেতার আনাগোনা বেশ কম। তাই সময় কাটাতেই খেলার আয়োজন।
ধূপখোলা মাঠ ইতিমধ্যে গরুতে ভর্তি হয়ে গেছে। কিছু ক্রেতা আসছেন। দামদর করছেন। তবে বেচাকেনা এখন পর্যন্ত শুরু হয়নি। সৈকতের মতো গরু বিক্রেতাদের অনেককেই এখন অলস সময় কাটাতে দেখা গেছে। গল্প করে, তাস খেলে, বিভিন্ন স্থানের পরিচিত ব্যাপারীদের সঙ্গে টেলিফানে কথা বলে সময় কাটছে তাঁদের।
ধূপখোলা হাটে গরু নিয়ে আসা অন্তত ১৫ জন বিক্রেতার ধারণা, বাজার জমতে আরও কয়েক দিন সময় লাগবে। বুধ-বৃহস্পতিবার থেকে পুরোদমে কেনাবেচা শুরু হবে। তাঁরা আশা করছেন, বিদেশি গরু যদি বাজারে না আসে তাহলে ভালো দামে গরু বিক্রি করতে পারবেন।
এই হাটে দেখা গেল, ঝিনাইদহের সিরাজুল ইসলাম নামের এক ব্যবসায়ীর দুটি গরু দেখতে ভিড় করছিল কিছু মানুষ। দুটি গরুর দাম তিনি হাঁকিয়েছেন ১১ লাখ টাকা। আর নজরুল নামের ঝিনাইদহের আরেক ব্যবসায়ী গরু এনেছেন ১৬টি। তাঁর একটি গরু দেখতে লোকজন ভিড় করছে। গরুটি তিনি দুই বছর ধরে পুষেছেন। তিনি গরুর দাম চাইছেন ৫ লাখ টাকা। ১৫ বছর ধরে তিনি গরু নিয়ে আসেন ঢাকায়। অভিজ্ঞ এই গরু বিক্রেতা বলেন, কেনাবেচা না হলেও তাঁর সময় কাটছে গরুর দেখাশোনা করে। হাট ঘুরে জানা গেল, বেশির ভাগ গরু বিক্রেতার বাড়ি ঝিনাইদহে।

শনির আখড়া গরুর হাট: ৮ মাস আগে ৭০ হাজার টাকায় একটি গরু কেনেন শেখ রহিম। কালো রঙের সেই গরুটি নিয়ে ফরিদপুর থেকে ট্রাকে করে ঢাকার শনির আখড়ার গরুর হাটে এসেছেন। এখন গরুটির দাম হাঁকছেন তিনি ১ লাখ ৪০ হাজার টাকা। তাঁর ভাষ্য, গরুর খাওয়ানো বাবদ প্রতিদিন খরচ হয়েছে ২০০ টাকা। সেই হিসাবে প্রতি মাসে তাঁর খরচ ৬ হাজার টাকা। এত কষ্ট করে গরুটি পুষে যদি লাভ না হয়, তাহলে এর থেকে বড় দুঃখ আর কী হতে পারে? রহিমের আশা, ভারতীয় গরু যদি বাজারে না আসে, তাহলে লাভে গরু বিক্রি করে বাড়ি যেতে পারবেন।
রহিমের মতো আরেকজন শুক্কুর ব্যাপারী। ফরিদপুর থেকে ১৬টি গরু নিয়ে এসেছেন। তাঁর মনেও বড় ভয়। ভারতীয় গরু যদি আসে, তাহলে পথে বসে যাবেন তিনি। মন খারাপ করে ঢাকা থেকে বাড়ি ফিরতে হবে।
এই হাটেও বিক্রেতারা গল্পগুজব করে সময় পার করছেন। মাঝেমধ্যে দু-একজন ক্রেতা আসছেন, দামদর যাচাই করছেন। ফরিদপুরের লোকজনই এই হাটে গরু তুলেছেন বেশি।