অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থার উপপরিচালক রাম মোহন নাথ।
তবে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে তলব করা হলেও গতকাল তিনি দুদকে আসেননি। নোটিশ দেরিতে পেয়েছেন বলে তিনি কমিশনকে জানিয়েছেন।
দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি, কেউ দুর্নীতি করলে তার শাস্তি হওয়া উচিত। আমি আমার জীবনে কোনো হারাম রোজগার করিনি।’ হয়রানি করা হচ্ছে কি না, জানতে চাইলে অলি আহমদ বলেন, ‘কারও বিরুদ্ধে আমার অভিযোগ নেই। আমি বলব এটা আল্লাহর হুকুম, তিনি আমার ধৈর্য পরীক্ষা করছেন।’
দুদক সূত্র জানায়, বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ১৯৯৬ সালে অলি আহমদকে একটি নোটিশ দেয়। সেই নোটিশের বিরুদ্ধে উচ্চ আদালতে তিনি রিট আবেদন করেন। দীর্ঘদিন শুনানির পর ২০০৭ সালে আদালত দুদকের পক্ষে রায় দেন। রায়ে বলা হয়, দুদকের নোটিশটি কার্যকর করতে কোনো সমস্যা নেই। এর ধারাবাহিকতায় অলিকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়।
দুদকের কর্মকর্তা গোলাম ফারুক গত বছরের ১০ সেপ্টেম্বর হিসাব বিবরণী দেওয়ার জন্য নোটিশ পাঠালে ২৫ সেপ্টেম্বর দুদকে এসে সম্পদের হিসাব জমা দেন অলি আহমদ।