অলিকে নিয়ে প্রচারণায় মনজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পক্ষে প্রচারণা চালিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের পাঁচলাইশ ওয়ার্ডের আতুরার ডিপো এলাকায় মনজুরের সঙ্গে গণসংযোগ করেন তিনি।
অলি আহমদ বলেন, নগরপিতা হওয়ার জন্য যেসব গুণাবলি থাকার দরকার, তার সবই মনজুর আলমের মধ্যে রয়েছে। সব মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের মনজুরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গতকাল সকাল ১০টা ৪০ মিনিটে জাংগালপাড়া জামে মসজিদের সামনে থেকে প্রচারণা শুরু করেন মনজুর আলম। আতুরার ডিপো থেকে জাহানপাড়া হয়ে হাজিপাড়া, চালিতাতলী এলাকা, ওয়াজেদিয়া মাদ্রাসা, নয়াহাট, অনন্যা আবাসিক এলাকা ও কুয়াইশ সড়কে প্রচারণা চালান মনজুর। মনজুরের পক্ষে অলি আহমদও কমলালেবু মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান।
প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের মনজুর আলম দাবি করেন, তাঁর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মেয়র থাকার সময় মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। এখন তাঁর কাজের স্বীকৃতি দিচ্ছে মানুষ। গণসংযোগে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এখনো অনেক উন্নয়নকাজ বাকি রয়েছে। এসব কাজ সমাপ্ত করতে গতবারের মতো তাঁকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানান।