অলিম্পিকের উদ্বোধনীতে যোগ দিতে প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলিম্পিক গেমস-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। খবর বাসসের।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে ২৭ জুলাই লন্ডনের বাকিংহাম প্রাসাদে রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের (বিজি-০১৫) একটি বিশেষ ফ্লাইট আজ সকাল ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী কমিউনিটি নেতা ও পেশাজীবীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন এবং স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন। ২৫ জুলাই স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্যভিত্তিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক ইফতার মাহফিলে শরিক হবেন।২৬ জুলাই হাউস অব লর্ডসের ব্রিটিশ রক্ষণশীল দলের সদস্য ও উইম্বলডনের লর্ড আহমেদ তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। ২৮ জুলাই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।