অলির উপস্থিতিতে ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের উপস্থিতিতে চট্টগ্রামের চন্দনাইশে ছাত্রলীগের এক নেতা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে পৌরসভা-সংলগ্ন সাতবাড়িয়া ইউনিয়নের যতরকুল এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পৌর সদরে মিছিল ও প্রতিবাদ সভা করেছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
চন্দনাইশ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী নেই। এখানে ২০-দলীয় জোটের প্রার্থী এলডিপির মোহাম্মদ আইয়ুব। তিনি পৌরসভার বর্তমান মেয়র ও এলডিপির পৌর কমিটির সভাপতি। তিনি কর্নেল (অব.) অলি আহমদের ভাতিজা।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মাহবুবুল আলম বলেন, এলডিপির নেতা-কর্মীদের হামলায় আহত হয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, তাঁর বাবা ছালেহ আহমদ (৬৫) ও মা নুর বেগম (৫০)।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা বাড়ির উঠানে বসে পরিবারের লোকজন নিয়ে গল্প করছিলাম। এ সময় বাড়ির পাশ দিয়ে অলি আহমদ নেতা-কর্মী নিয়ে যাচ্ছিলেন। তিনি এসে আমাদের সঙ্গেও কথা বলেন। এই এলাকায় তাঁর মাধ্যমে উন্নয়ন হয়েছে বললে, প্রতি উত্তরে আমি বলেছি, আপনি না, বর্তমানে আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর মাধ্যমে উন্নয়ন হয়েছে। তখন তিনি চলে যান। ১০ থেকে ২০ গজ সামনে গিয়ে আবার ফিরে এসে আমাকে ছাত্রলীগ না করার জন্য হুমকি দিয়ে মারধর করতে থাকেন। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা আমার মা-বাবাকেও মারধর করেন।’
তবে এ অভিযোগ অস্বীকার করে কর্নেল (অব.) অলি আহমদ চন্দনাইশে তাঁর বাসভবনে প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকায় গণসংযোগ করে চলে আসার পথে তাঁদের (মাহবুব ও তাঁর বাবা) সঙ্গে হাত মেলাই। তখন সে (মাহবুব) আমাকে বলে, এখানে আপনি কোনো রাস্তাঘাট করেননি। তখন তাঁকে আমি বলেছি, এ সড়কও আমি করেছি। এ কথা বলে আমি প্রায় ৩০০ গজ দূরে চলে আসার পর পেছনে শোরগোল শুনি। তখন নেতা-কর্মীদের ডেকে সেখান থেকে চলে আসতে বলি। তাঁকে মারধর করার কোনো প্রশ্নই আসে না। তাঁকে কে মেরেছে, আমি জানি না।’
তবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মাহবুবুল আলম বলেন, সাতবাড়িয়া এলাকার রাস্তাটি নজরুল ইসলাম চৌধুরী করেছেন বলায় তাঁর (অলি) নেতৃত্বে ছাত্রলীগ নেতার পরিবারের ওপর হামলা করেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে অলিসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এই মেয়র পদপ্রার্থীর দাবি, এলডিপির চেয়ারম্যান দলের প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনের সুন্দর পরিবেশকে ঘোলা করতে চাইছেন।
জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভুঁইয়া বলেন, অলি আহমদের উপস্থিতিতে তাঁর সমর্থকেরা ছাত্রলীগ নেতার পরিবারের ওপর হামলা চালিয়েছে, এমন খবর তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।