অলির দুর্গে মোরশেদ ও আখতারুজ্জামান
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে এলডিপির প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ আইয়ুব খানের পক্ষে শুরু থেকেই মাঠে রয়েছেন দলের কেন্দ্রীয় সভাপতি ও সাংসদ কর্নেল (অব.) অলি আহমদ। তিনি সভা-সমিতির পাশাপাশি নীতিনির্ধারণী পরামর্শ দিচ্ছেন। অলির দুর্গখ্যাত চন্দনাইশে হানা দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ ও বিএনপি। এখানে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শেখ টিপু চৌধুরী ও বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল আনোয়ার।বড় দুই দলের কেন্দ্রীয় নেতারা নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গত শনিবার রাতে অলির দুর্গ চন্দনাইশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তাঁরা হলেন বিএনপির নেতা এম মোরশেদ খান, বাঁশখালীর সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী এবং আওয়ামী লীগের দক্ষিণ জেলা সভাপতি, পাট ও বস্ত্র মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী। এ সময় অলি অবশ্য বাসায় চলে যান।শনিবার রাত সোয়া সাতটার দিকে চন্দনাইশ পৌরসভা সদরে এলডিপির কার্যালয়ের সামনে মিছিলসহকারে থামে মোরশেদ খান ও জাফরুল ইসলামের গাড়িবহর। এ সময় এলডিপির কার্যালয়ের সামনে আইয়ুবের সমর্থনে মাইকিং চলছিল। সেখানে রিকশার ওপর দাঁড়িয়ে অটোরিকশায় বাঁধা মাইকে বক্তৃতা দিয়ে দুই বিএনপির নেতা দলীয় প্রার্থী আনোয়ারের পক্ষে ভোট চান। মোরশেদ খান বলেন, ‘খালেদা জিয়ার নির্দেশে আমি এখানে এসেছি।’নিজেদের কার্যালয়ের সামনে বিএনপির পথসভা সম্পর্কে এলডিপির প্রার্থী আইয়ুব বলেন, ‘তাঁরা তাঁদের প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন, করুন। চন্দনাইশের লোক কর্নেল অলি ও তাঁর দলকে ভালোবাসে। আশা করি, এবারও জনগণের রায় পাব।’আইয়ুব খান গত পৌর নির্বাচনে প্রায় চার হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী আনোয়ারকে পরাজিত করেন। তবে সেবার জোরপূর্বক ভোট ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন আনোয়ার। আর এসব অভিযোগ অস্বীকার করেন আইয়ুব।আনোয়ার দাবি করেন, ‘এবার আমার অবস্থা গতবারের চেয়ে অনেক ভালো। সুষ্ঠু নির্বাচন হলে এবার আমি নির্বাচিত হব। দলের কেন্দ্রীয় নেতারা ঘুরে গেছেন। আশা করি, আজ (রোববার) আবদুল্লাহ আল নোমান আসবেন।’জয় নিয়ে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থী শেখ টিপুও। শনিবার রাত সাড়ে সাতটার দিকে তাঁর পক্ষে দুটি পথসভায় অংশ নেন আখতারুজ্জামান। গাছবাড়িয়া শীলপাড়ায় নিজ প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, টিপুর দল আওয়ামী লীগ এখন ক্ষমতায়। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা অতিথির মতো চন্দনাইশে প্রচারণায় অংশ নিলেও কর্নেল অলি আছেন সারাক্ষণ। তিনি দল-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রতিদিনই পথসভা করছেন। শনিবার নোয়াহাট, গাছবাড়িয়াসহ বিভিন্ন স্থানে সভা করেন তিনি। অলির দুর্গ সুরক্ষিত থাকবে, নাকি দুই দলের হানায় এতে চিড় ধরবে, ১৮ জানুয়ারির নির্বাচনে তা পরিষ্কার হয়ে যাবে। পৌরসভার ২২ হাজার ভোট নির্ধারণ করে দেবে প্রার্থীদের ভাগ্য।