অলির বিরুদ্ধে দুদকের মামলা আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যথাসময়ে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে গত ২৮ নভেম্বর এ মামলা করে দুদক। তবে এ মামলার পরিপ্রেক্ষিতে কর্নেল অলি হাইকোর্ট থেকে ইতিমধ্যে আগাম জামিন নিয়েছেন।প্রতিষ্ঠানের উপপরিচালক গোলাম মোস্তফা বাদী হয়ে এ মামলা করেন বলে প্রথম আলোকে জানান রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক লুত্ফুর রহমান। ২৮ নভেম্বর দুপুরে এ মামলা করা হয়। এ বিষয়ে কর্নেল অলির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের আগে এলডিপিকে জোটের অন্তর্ভুক্ত করার কথা থাকলেও আওয়ামী লীগ তা করেনি। প্রায় দুই বছর আমি সরকারের কর্মকাণ্ডে চুপ ছিলাম। কিন্তু এখন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা নানা জনসভায় তুলে ধরেছি। যত দিন চুপ ছিলাম, তখন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে যাওয়ার পরই আমার ওপর প্রতিশোধ নিতে সরকার হত্যার চেষ্টা, মামলাসহ বিভিন্ন প্রকার নির্যাতন-নিপীড়ন শুরু করেছে। তবে আমি ভীত নই।’এলডিপির সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অলি আহমদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।