অলির ভাবমূর্তি কাজে লাগিয়ে জেতেন জব্বার চৌধুরী!
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে জিতেছেন ১৯-দলীয় জোট-সমর্থিত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা মো. আবদুল জব্বার চৌধুরী। তাঁর জয়ের নেপথ্যে এলডিপির সভাপতি অলি আহমদের ভাবমূর্তি বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন অনেকে।
মো. আবদুল জব্বার চৌধুরী প্রদত্ত ভোটের ৫২ দশমিক ২২ শতাংশ পেয়েছেন। তাঁর সঙ্গে তুমুল লড়াই করে হেরে যান আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ কাসেম।
এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি অলি আহমদ নির্বাচনের আগে নিজেই জব্বারের পক্ষে চন্দনাইশের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন। স্থানীয় অনেকে মনে করছেন, এ কারণে জব্বারের জয় সুনিশ্চিত হয়। তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ কাশেমও এলাকায় জনপ্রিয়। তাঁরও ভালো ভাবমূর্তি রয়েছে এলাকায়। কিন্তু অলির ভাবমূর্তির কাছে তা চাপা পড়ে যায় বলে তাঁরা মনে করছেন।
গত শনিবারের নির্বাচনে মো. আবদুল জব্বার ৪৩ হাজার ৯৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কাসেম পান ৪০ হাজার ১৫৮ ভোট।
শনিবার ভোটের দিন চন্দনাইশের অন্তত নয়টি কেন্দ্রে উত্তেজনা ছিল। একটি ভোটকেন্দ্রের অদূরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মো. আবদুল জব্বারের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় আটজন আহত হন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এসব কারণে ভোটের দিন পরিস্থিতি কিছুটা পাল্টে যায় বলে মনে করছেন অনেকে। গাড়িতে হামলার জন্য আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজনকে দায়ী করেন জব্বার। অনেকে মনে করছেন, বিষয়টি প্রচার হওয়ায় জব্বার দ্রুত সময়ের মধ্যে ভোটারদের সহানুভূতি আদায় করে নিতে সক্ষম হন।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জনগণ সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছেন। প্রতিপক্ষ ভোট ডাকাতির অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। জনগণই সব চেষ্টা ব্যর্থ করে দেন। ফলে জনমত আমার পক্ষে আসে।’
নির্বাচনের দিন চন্দনাইশের নয়টি কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে কেউ কেন্দ্র দখলে নিতে পারেনি। ফলে বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যেও চন্দনাইশে সুষ্ঠু ভোট হয়েছে।
চন্দনাইশের বাসিন্দা সফিকুল করিম বলেন, ‘টান টান উত্তেজনার মধ্যে ভোট গ্রহণ শেষ হয়। আমাদের ধারণা ছিল, ভোটকেন্দ্র দখল-বেদখল হয়ে যাবে। রক্তারক্তি হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমের বিপুলসংখ্যক কর্মীর উপস্থিতির কারণে নির্বাচন শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
আরেক বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, ‘চন্দনাইশে দুজন প্রার্থীর ভাবমূর্তি ভালো। তাই আমরা দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছিলাম। আমাদের ধারণা সঠিক হয়েছে।’