লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে তাঁর মন্তব্য প্রত্যাহার করতে হবে। তা না হলে চট্টগ্রামে তাঁর সব সভা-সমাবেশ প্রতিহত করা হবে। গতকাল শুক্রবার বিকেলে নগরের জামালখানে অবস্থিত প্রেসক্লাব ভবনের সামনে আয়োজিত মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট কমান্ড যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। কর্নেল অলির মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিমূলক মন্তব্যের প্রতিবাদ ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে তাঁরা মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এম এ মনসুর। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের আহ্বায়ক বশির উল্লাহ মজুমদার। সভাপতিত্ব করেন জেলা ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মাহমুদ, মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের সভাপতি মাহফুজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, গণতন্ত্রী পার্টি চট্টগ্রামের সহসভাপতি স্বপন সেন, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মাহমুদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি। সারা দেশের মানুষ জানে কারা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে। অলি রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন। যুদ্ধাপরাধীদের বাঁচানোর চক্রান্ত করছেন। আমরা অপচেষ্টা সফল হতে দেব না।’ বক্তারা আরও বলেন, ‘কর্নেল (অব.) অলিকে আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে সমালোচনা করছি না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য তাঁর প্রতি ধিক্কার জানাই।’ উল্লেখ্য, কর্নেল অলি সম্প্রতি এক সমাবেশে বলেন, ‘সেনাবাহিনীর নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে।’