অলোক সেনের ওপর হামলায় মামলা হয়নি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার ফরিদপুরে দুর্বৃত্তদের কোপে আহত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অলোক সেনের অস্ত্রোপচার করা হয়েছে। এদিকে গতকাল বিকেল চারটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
আগের দিন মঙ্গলবার বিকেল চারটার দিকে ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকায় অলোক সেনের বাড়ি ‘অশুরঞ্জন ভবন’-এর সামনে দুজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে জখম করে। তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
অলোক সেনের স্ত্রী শিখা ঘোষ জানান, গতকাল বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে।
গতকাল বিকেল চারটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় অলোক সেনের পরিবারের সদস্যদের মামলা করতে বলেছেন তাঁরা। ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আগামী দু-তিন দিনের মধ্যে এ হামলার ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে আশা প্রকাশ করেন ওসি।
শিখা ঘোষ জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে কে বা কারা তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে বের করে। অলোক বাড়ি থেকে রাস্তায় যাওয়ামাত্রই দুই তরুণ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। তিনি হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে শিখা বাইরে ছুটে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরেন। তখন ওই দুই তরুণ তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাঁর স্বামীকে আরও কয়েকটি কোপ দিয়ে দ্রুত চলে যায়। হামলাকারী দুজনের মুখ ঢাকা ছিল।