অল্প খরচে কার্যকর সেবা দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ্যাত্বে ভোগা দম্পতিরা যেন অল্প খরচে কার্যকর সেবা পান, সে বিষয়ে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার ফার্টিলিটি অ্যান্ড স্টারিলিটি সোসাইটি অব বাংলাদেশ (এফএসএসবি) আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রত্যেক দম্পতির সন্তান লাভের অধিকার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। যাঁরা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, তাঁরা যেন সরকারিভাবে কম খরচে চিকিৎসাসেবা পান, সরকার সে উদ্যোগ নেবে।

বাংলাদেশে বন্ধ্যাত্বে ভোগা দম্পতির হার ১৫ শতাংশ, উল্লেখ করে এফএসএসবির সভাপতি টি এ চৌধুরী বলেন, ৯০ ভাগ ক্ষেত্রে অল্প খরচে কার্যকর চিকিৎসা দেওয়া সম্ভব। মাত্র ১০ ভাগ ক্ষেত্রে জটিলতা দেখা যায়। সে ক্ষেত্রে চিকিৎসা ব্যয়বহুল হতে পারে।

এফএসএসবির সাধারণ সম্পাদক রওশন আরা বেগম সরকারের প্রজনননীতিতে বন্ধ্যাত্বকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

চার শীর্ষ চিকিৎসককে আজীবন সম্মাননা

এফএসএসবি স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় অতুলনীয় অবদান রাখার জন্য চারজন শীর্ষ চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান করে। সংবর্ধিত চিকিৎসকেরা হলেন সৈয়দা নূরজাহান ভূইয়া, এ কে এম আনোয়ারুল আজিম, আবদুল বায়েস ভূইয়া ও মো. আবু তাহের খান। ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়ার আগে বরেণ্য এই চার শিক্ষকের জীবনবৃত্তান্ত উপস্থাপন করেন। এঁরা প্রত্যেকেই দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন। আন্তর্জাতিক জার্নালে এঁদের লেখা প্রকাশিত হয়েছে। বিভিন্ন নীতিনির্ধারণেও এঁরা অগ্রণী ভূমিকা পালন করেন।

সম্মেলনে দেশের খ্যাতনামা চিকিৎসক ছাড়াও ভারতের বিখ্যাত স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।