অল্প খরচে কার্যকর সেবা দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় অবদানের জন্য চারজন চিকিৎ​সককে আজীবন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে (বাঁ থেকে) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ক্রেস্ট হাতে সম্মাননা পাওয়া চিকিৎ​সক সৈয়দা নূরজাহান ভূঁইয়া, এ কে এম আনোয়ারুল আজিম ও আবদুল বায়েস ভূঁইয়া l ছবি: প্রথম আলো
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় অবদানের জন্য চারজন চিকিৎ​সককে আজীবন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে (বাঁ থেকে) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ক্রেস্ট হাতে সম্মাননা পাওয়া চিকিৎ​সক সৈয়দা নূরজাহান ভূঁইয়া, এ কে এম আনোয়ারুল আজিম ও আবদুল বায়েস ভূঁইয়া l ছবি: প্রথম আলো

বন্ধ্যাত্বের শিকার দম্পতিরা যেন অল্প খরচে কার্যকর সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ চিকিৎসকেরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ফার্টিলিটি অ্যান্ড স্টারিলিটি সোসাইটি অব বাংলাদেশ (এফএসএসবি) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রত্যেক দম্পতির সন্তান লাভের অধিকার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। যাঁরা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন, তাঁরা যেন সরকারিভাবে কম খরচে চিকিৎসাসেবা পান, সরকার সেই উদ্যোগ নেবে।
বাংলাদেশে বন্ধ্যাত্বে ভোগা দম্পতির হার ১৫ শতাংশ উল্লেখ করে এফএসএসবির সভাপতি টি এ চৌধুরী বলেন, ৯০ ভাগ ক্ষেত্রে অল্প খরচে কার্যকর চিকিৎসা দেওয়া সম্ভব। মাত্র ১০ ভাগ ক্ষেত্রে জটিলতা দেখা যায়। সে ক্ষেত্রে চিকিৎসা ব্যয়বহুল হতে পারে।
এফএসএসবির সাধারণ সম্পাদক রওশন আরা বেগম সরকারের প্রজনননীতিতে বন্ধ্যাত্বকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
গতকাল এফএসএসবি স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় অতুলনীয় অবদান রাখার জন্য চারজন শীর্ষ চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান করেন। সংবর্ধিত চিকিৎসকেরা হলেন সৈয়দা নূরজাহান ভূঁইয়া, এ কে এম আনোয়ারুল আজিম, আবদুল বায়েস ভূঁইয়া ও মো. আবু তাহের খান। ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়ার আগে বরেণ্য চিকিৎসকদের জীবনবৃত্তান্ত উপস্থাপন করা হয়।