অল্প বয়সী মা রুগ্ণ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মেয়েদের বাল্যবিবাহ দেওয়ার প্রবণতার কারণে এখানে অধিকাংশ শিশুই পুষ্টিহীনতাসহ নানা শারীরিক জটিলতা নিয়ে জন্ম নিচ্ছে। মেয়েদের কম বয়সে বিয়ে ও মা হওয়াই এসব রুগ্ণ শিশু জন্মের মূল কারণ বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু জনপ্রতিনিধিরা জানান, অশিক্ষা ও সামাজিক প্রবণতার কাছে অনেক সময় জিম্মি হয়ে তাঁরাও বাল্যবিবাহ রোধে অপারগ হয়ে পড়ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইয়েদা খাতুন জানান, অপুষ্টির শিকার তিন মাস বয়সী একটি শিশুর ওজন হয় মাত্র সাড়ে চার থেকে পাঁচ কেজি। অথচ পূর্ণপুষ্টি নিয়ে জন্ম নেওয়া একই বয়সী শিশুর ওজন হয় সাত কেজি। ওজন কম ছাড়াও অপুষ্টির শিকার শিশুর নানা শারীরিক সমস্যা দেখা দেয়। অপ্রাপ্ত বয়সে বিয়ে হওয়া মেয়েরাই অধিকাংশ ক্ষেত্রে রুগ্ণ শিশুর জন্ম দিচ্ছে।
১ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মাইদুল ইসলাম নামের সাত মাস বয়সী পুষ্টিহীনতার শিকার এক শিশু ভর্তি হয়েছে। শিশুটি মা মনছুরা আক্তার (১৫) জানান, তাঁর বাড়ি উপজেলার হাজীপুর গ্রামে। বাবা মারা যাওয়ার পর মা অভাবের কারণে লেখাপড়া না করিয়ে অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই তাঁকে বিয়ে দেন। স্বামী সিরাজুল ইসলাম দিনমজুর। সাত মাস আগে ছেলে মাইদুলের জন্ম হলেও সে কিছুই খেতে চায় না। শুধু অসুস্থ থাকে।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা অপর অল্প বয়সী মা মলিনা খাতুন (১৫) জানান, তাঁর বাড়ি প্রামাণিকপাড়া গ্রামে। তাঁর নয় মাস বয়সী ছেলে কিছুই খেতে চায় না, প্রায়ই অসুখে ভোগে।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাহান সরকার জানান, প্রতিদিন চিকিৎসা নিতে আসা অন্তত ১০ মা ও শিশুর মধ্যে পাঁচজনই থাকে অপুষ্টির শিকার। তা ছাড়া প্রতিবছরই চিকিৎসা নিতে আসা অপুষ্ট মা ও শিশুর সংখ্যা বাড়ছে বলেই তাঁর মনে হচ্ছে।
উপজেলার ইকরতালী ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইউপি সদস্য জানান, এ ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ২০১১ সালে ১২টি, ২০১২ সালে ১৭ ও চলতি বছর এ পর্যন্ত ১৬টি মেয়ে বাল্যবিবাহের শিকার হয়েছে। তাঁরা আরও জানান, তাঁরা বিয়ের বিরোধিতা করলে মা-বাবারা তাঁদের দোষারোপ করেন মেয়ের খারাপ করছেন বলে। ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ‘অশিক্ষা ও সামাজিক প্রবণতার কাছে অনেক সময় কোনো চেষ্টাই কাজে লাগে না।’