অল্প বিদ্যা যে ভয়ংকর, তার প্রমাণ তারেক: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তারেক জিয়া চারবার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছেন। তিনি ঢাকায় বসবাস করে মানিকগঞ্জ গিয়ে তিনবারে এইচএসসি পাস করেছেন। অল্প বিদ্যা যে ভয়ংকর, তার প্রমাণ তারেক। তিনি লন্ডনে প্রথমে বললেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তারপর বললেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবৈধ প্রধানমন্ত্রী। তারেক পাকিস্তানের মিশন বাস্তবায়নে বাংলাদেশের প্রকৃত ইতিহাস বিকৃত করতে এই অপপ্রচার শুরু করেছেন।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষাজীবন সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউসের হল রুমে জেলা ও নগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তারেক রহমানকে পাকিস্তানের ‘এজেন্ট’ আখ্যায়িত করে হানিফ অভিযোগ করেন, ‘তারেক মিথ্যাবাদী, মূর্খ। তিনি ইতিহাস বিকৃত করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে তারেক মিথ্যাচারের সীমা ছাড়িয়ে গেছেন। তারেক পাকিস্তানের এজেন্ট। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। একাত্তরের পরাজিত শক্তি জামায়াতকে প্রতিষ্ঠিত করতে বিএনপি এখন তারেককে দিয়ে ইতিহাস বিকৃত করাচ্ছে।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সাংসদ মুহিবুর রহমান প্রমুখ।