অল্প বিদ্যুতে মিলছে না সেচের পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমারের কার্যক্ষমতা কমে যাওয়ায় বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলায় বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। ফলে গভীর নলকূপ থেকে পানি মিলছে না। ফেটে চৌচির হয়ে যাচ্ছে কৃষকের ফসলের মাঠ।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয় থেকে জানা গেছে, ওই চার উপজেলায় বিরামপুর, হিলি ও ডুগডুগিহাট এই তিনটি সাব স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। চার উপজেলায় বিদ্যুতের চাহিদা ২৬ দশমিক ৫ মেগাওয়াট। কিন্তু মিলছে মাত্র ১৫ দশমিক ৫ মেগাওয়াট।
বিরামপুরে সাব স্টেশনের বিদ্যুৎ সরবরাহ করা হয় পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি সাইটের একটি ট্রান্সফরমার থেকে। এখানে বিদ্যুতের চাহিদা ১০ মেগাওয়াট হলেও বড়পুকুরিয়ার ট্রান্সফরমারটি দুর্বল হওয়ায় পাওয়া যাচ্ছে সাড়ে ৮ মেগাওয়াট।
হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎ আসে হাকিমপুর ও ডুগডুগি সাবস্টেশন থেকে। আবার হাকিমপুর ও ডুগডুগি সাবস্টেশনে বিদ্যুৎ আসে জাতীয় গ্রিডের গাইবান্ধা জেলার পলাশবাড়ি সাবস্টেশনের টি-৩ ট্রান্সফরমার থেকে। ২৩ মার্চ এই ট্রান্সফরমারটি আংশিক বিকল হয়ে যায়। ফলে চাহিদার ১৬ দশমিক ৫ মেগাওয়াটের পরিবর্তে সরবরাহ হচ্ছে মাত্র সাত মেগাওয়াট বিদ্যুৎ।
এদিকে চার উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিরামপুরে ১৬ হাজার ৪২৫ হেক্টর, হাকিমপুরে সাত হাজার ২৪৫ হেক্টর, ঘোড়াঘাটে নয় হাজার ৫০০ হেক্টর ও নবাবগঞ্জে ১৮ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেশির ভাগ জমিতেই বিদ্যুচ্চালিত গভীর ও অগভীর নলকূপ থেকে সেচ দেওয়া হয়।
সরেজমিনে গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার উপজেলাগুলোতে দেখা গেছে, বেশির ভাগ জমিতেই চাহিদার তুলনায় পানি নেই। পানির অভাবে অনেক জমিতে শুকিয়ে ফাটল ধরেছে।
হাকিমপুরের ইসলামপাড়ার ইউসুফ আলী, ঘোড়াঘাটের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর নিরেন চন্দ্র বর্মণসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, জমিতে কৃষকদের চাহিদা অনুযায়ী পানি দিতে হলে ১২-১৮ ঘণ্টা সেচযন্ত্র চালু রাখা প্রয়োজন। কিন্তু বিদ্যুৎ থাকছে গড়ে পাঁচ-সাত ঘণ্টা। ফলে কৃষকদের চাহিদামতো পানি দেওয়া সম্ভব হচ্ছে না।
বিরামপুরের দেশমা এলাকার কৃষক আবু হানিফ ও ঘোড়াঘাটের ছয়ঘটি গ্রামের কৃষক মাহবুবুর রহমান বলেন, খেতে পানি নেই। মাঠ শুকিয়ে চৌচির হয়ে গেছে। বিরামপুর কৃষি কর্মকর্তা শাহ আলম জানান, এ সময়টি ধানের শীষ গজানোর সময়। এখন ধানের গোড়াতে সব সময় পানি থাকা প্রয়োজন। তা না হলে ধানের ফলন কম হবে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, পলাশবাড়ির ট্রান্সফরমারটি ঠিক করতে ১৫-২০ দিন সময় লাগবে। বড়পুকুরিয়ার ট্রান্সফরমারটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।