সামান্য বৃষ্টিতে দীর্ঘ সময়ের জন্য জলাবদ্ধতা দেখা দেয় ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের সামনের প্রধান সড়ক কলেজ রোডে। পাশের নর্দমা ভরাট হয়ে যাওয়ায় নোংরা পানিও ছড়িয়ে পড়ে সড়কে। এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার শিক্ষার্থী।
শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার দিবাগত রাত চারটার দিকে এক ঘণ্টা মাঝারি ধরনের বৃষ্টি হয় ময়মনসিংহে। এতে কলেজ রোডের আনুমানিক ৫০০ মিটার এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। শুধু বৃষ্টির পানিই নয়, সড়কের দুই পাশের নর্দমার নোংরা পানি সড়কে ছড়িয়ে পড়ে। বৃষ্টি থেমে যাওয়ার ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত থাকে সেই জলাবদ্ধতা। গতকাল সোমবার সকাল ১০টায় কলেজ রোডে গিয়ে দেখা যায়, কলেজের ফটকের ২০ মিটার দূর থেকে মসজিদ রোড পর্যন্ত আনুমানিক ৪০০ মিটার সড়কে ভাসছে নর্দমার কালো নোংরা পানি। শিক্ষার্থীরা সেই পানি মাড়িয়ে চলাচল করছেন। সরু সড়কের পাশে ফুটপাতের পানি নেমে গেলেও ছড়িয়ে আছে কাদা। স্থানে স্থানে ফুটপাতের ঢাকনা না থাকায় কিছুটা ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থীরা বলেন, প্রতিবার বর্ষাকালে কলেজ রোডে এ অবস্থার সৃষ্টি হয়। ভারী বর্ষণ হলে টানা কয়েক দিন ধরে থাকে জলাবদ্ধতা। তখন এ রাস্তা দিয়ে চলাচল কঠিন হয়ে পড়ে।
শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, কলেজ রোডের পাশের মীরবাড়ি, মসজিদ রোড, গোলাপজান রোড, একাডেমী রোড, জামতলা এলাকাজুড়ে রয়েছে অসংখ্য মেস। ওই সব মেসে আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কমপক্ষে পাঁচ হাজার শিক্ষার্থী বসবাস করেন।
শিক্ষার্থীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই তাঁরা কলেজ রোডের জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন। বর্ষাকালে জলাবদ্ধতার কারণে প্রায়ই তাঁরা ক্লাসে যেতে পারেন না। আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিনা আফিয়া বলেন, নোংরা পানি ভেঙে চলাচল করা খুবই কষ্টের। গুরুত্বপূর্ণ ক্লাস থাকলে কলেজে না গিয়ে উপায় থাকে না। তিনি আরও বলেন, রাস্তায় পানি জমলে রিকশা ভাড়াও তিন থেকে চার গুণ বেড়ে যায়।
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন বলেন, কলেজের পক্ষ থেকে একাধিকবার পৌরসভার কাছে জলাবদ্ধতা দূর করার জন্য লিখিত ও মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না।
ময়মনসিংহ পৌরসভার স্যানিটেশন পরিদর্শক দীপক মজুমদার বলেন, ‘বর্ষার আগে শহরের সব নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে কলেজ রোডের নর্দমাগুলো পরিষ্কার করা হবে। তখন জলাবদ্ধতা অনেকটা কমে আসবে।’