অল্প বৃষ্টিতেই চকরিয়া পৌর শহরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার অধিকাংশ ড্রেন নষ্ট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীকে। সড়কে পানি জমে থাকায় পৌর শহরে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। পৌর এলাকার বাসিন্দারা জানান, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নালা ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন করা যাচ্ছে না। ফলে সড়কে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। সরেজমিনে দেখা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামী ব্যাংকের সামনে, আজাদ লাইব্রেরি-সংলগ্ন এলাকা, আনোয়ার শপিং সেন্টার এলাকা, নিউমার্কেট এলাকা, থানা রাস্তার মাথা, খোদারকুম, থানা সেন্টার, মগবাজার, ওয়াপদা রোড, সবুজবাগ আবাসিক সড়ক, বায়তুশ শরফ সড়ক, বালিকা উচ্চবিদ্যালয় সড়ক, ফুলতলা ও পুরোনো বিমানবন্দর এলাকায় গত কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।স্থানীয় ব্যবসায়ী কবির আহমদ বলেন, পৌরসভায় নালা-নর্দমাগুলো অনেক আগেই ভরাট হয়ে গেছে। ফলে পুরো শহর ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। বৃষ্টির পানিতে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে দুর্গন্ধ ছড়ায়। জিয়াউল করিম বলেন, শহরজুড়ে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা বিদ্যমান থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। বর্ষার শুরুতে দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে। এদিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিমানবন্দর থেকে কাজীরপাড়া স্টেশন পর্যন্ত সড়কে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। স্থানীয় কাউন্সিলর নুর হোসেন বলেন, বিষয়টি মেয়রকে জানানো হয়েছে। তবে এখনো কোনো বরাদ্দ আসেনি। জানতে চাইলে চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ড্রেন সংস্কারে সরকারি কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। তবে জনদুর্ভোগ লাঘবে ফুলতলা, হালকাকারা ও ওয়াপদা সড়ক এলাকায় পৌরসভার তহবিল থেকে ড্রেন সংস্কার করা হচ্ছে।