অল্প বৃষ্টিতেই শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে হাঁটুপানি
অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) ও প্রশিক্ষণ বিদ্যালয় সংলগ্ন সড়কে। জলমগ্ন হয়ে পড়ে শিক্ষকদের হোস্টেল ও আবাসিক ভবন। ফলে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এলাকার নালা-নর্দমা ভরাট ও দখল হয়ে যাওয়ায় প্রতিবছরই এমন দুর্ভোগে পড়তে হচ্ছে এখানকার শিক্ষক-শিক্ষার্থীদের।
পিটিআই কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন বৈলতলী সড়কের মাথায় পিটিআই এলাকার পানিনিষ্কাশনের নালার ওপর গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। এতে প্রতিবছরই বর্ষায় পিটিআই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ২০১৩ সালে পটিয়া পৌরসভা বৈলতলী সাত–আট লাখ ব্যয়ে নালা নির্মাণ করলেও কোনো কাজে আসছে না।
সম্প্রতি টানা বৃষ্টির সময় সরেজমিনে দেখা গেছে, পিটিআই এলাকার বিশাল মাঠ ও অভ্যন্তরীণ সড়কগুলো হাঁটুপানিতে ডুবে আছে। শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা ও শিক্ষকদের আবাসিক ভবনেও পানি ঢুকেছে।
হোস্টেলে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণার্থী শিক্ষিকা উম্মে জোবাইদা বলেন, ‘সামান্য বৃষ্টি হলে আমাদের হলের নিচতলার বিভিন্ন কক্ষে পানি ঢুকে যায়। এতে অনেক সময় সাপ ও কেঁচো পর্যন্ত ঢুকে পড়ে। ছাদ চুইয়ে পানি পড়ে।’
পিটিআই সূত্রে জানায়, চট্টগ্রামের সাত উপজেলা ও পাবর্ত্য বান্দরবান জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণার্থীরা আবাসিক ভবনে থেকে প্রশিক্ষণ নিচ্ছে এই ইনস্টিটিউট থেকে। বর্তমানে এখানে চার শতাধিক শিক্ষকের প্রশিক্ষণ চলছে।
পিটিআইয়ের তত্ত্বাবধায়ক মোসফেকা বিনতে সুলতান প্রথম আলোকে বলেন, প্রতিবছর পিটিআই থেকে পৌরসভাকে ৮২ হাজার টাকা পৌরকর দিয়ে থাকি। অথচ এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে বারবার বলার পরও তাঁরা জলাবদ্ধতা নিরসনের কোনো উদ্যোগই নিচ্ছে না। তিনি বলেন বিষয়টি স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরীকেও জানানো হয়েছে।
পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, ‘পিটিআই এলাকার জলাবদ্ধতা নিরশনের জন্য ২০১৩ সালে সাত
লাখ টাকা ব্যয়ে একটি নালা নির্মাণ করা হয়েছে। কিন্তু পানি চলাচলের রাস্তায় তারা নতুন ভবন নির্মাণ করায় নালা দিয়ে পানি যেতে কিছুটা সমস্যা হচ্ছে। তবুও আবার গিয়ে সমস্যাটি দেখে আসব।’