অল্প স্থানে বেশি মানুষের সংস্থানে দরকার স্থাপত্যশৈলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সমস্যা জায়গা অল্প, মানুষ বেশি। অতিরিক্ত মানুষের মানসম্মত বসবাস নিশ্চিত করতে স্থাপত্যশৈলী খুবই জরুরি। গতকাল শনিবার ছায়ানট মিলনায়তনে ‘মেগা ফেনোমেনন অব দ্য সিটি’ শীর্ষক এক ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে স্থাপত্যবিদেরা এ কথা বলেন।
স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন দেশের বহুতল ভবনসংক্রান্ত স্থাপত্যশৈলী সম্পর্কে জানাতে স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ তাদের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক এই বক্তৃতা কর্মসূচির আয়োজন করে। উদ্বোধনী দিনে হংকংয়ের স্থাপত্যবিদ কেসি অং ও যশুয়া রবার্টস ঘনবসতিপূর্ণ দক্ষিণ চীনের পার্ল বদ্বীপের অভিজ্ঞতা তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ বলেন, একসময় অল্প মানুষ, কম ভবন আর যানজটহীন ঢাকার সৌন্দর্য ছিল অন্য রকম। এখন ঢাকা একটা সমস্যাসংকুল শহর। এর পরিবর্তনে এই প্রজন্মের স্থাপত্যবিদেরা ভূমিকা রাখতে পারেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য ইফতেখার গনি চৌধুরী।