অল্পে রক্ষা পেলেন জেলা প্রশাসক
অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন গাজীপুরের জেলা প্রশাসক ও পথচারীরা। গতকাল রোববার দুপুরে তিনি জেলা শহরের রাজবাড়ি সড়কের রেলক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকা যাচ্ছিল। পথে বেলা সোয়া দুইটার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে ময়মনসিংহগামী ডেমু ট্রেন দাঁড় করিয়ে রেখে স্টেশনে প্রবেশের জন্য ভাওয়াল রাজবাড়ি সড়কের রেলক্রসিং পয়েন্ট বন্ধ করে হাওর এক্সপ্রেস ট্রেনটিকে ক্লিয়ারেন্স দেওয়া হয়। কিন্তু হাওর এক্সপ্রেস ট্রেনের চালক ওই সিগন্যাল না মেনে আউটার সিগন্যাল পার হয়ে হোম সিগন্যালে এসে অপ্রত্যাশিতভাবে ট্রেনটি থামিয়ে যাত্রী নামাতে থাকেন। দীর্ঘক্ষণ রেলক্রসিং পয়েন্ট বন্ধ থাকায় ভাওয়াল রাজবাড়ি সড়কে শতাধিক যানবাহন আটকে পড়ে। এ সময় গাড়ি নিয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে জেলা প্রশাসক মো. নুরুল ইসলামও সেখানে আটকা পড়ে অপেক্ষা করতে থাকেন। ট্রেনটি একই স্থানে থেমে থাকায় রেলস্টেশন কর্তৃপক্ষ ট্রেনটিকে থামার সিগন্যাল দিয়ে রাজবাড়ি সড়কের রেলক্রসিং পয়েন্ট খুলে দেয়। এ সময় অন্যান্য যানবাহনের সঙ্গে জেলা প্রশাসককে বহনকারী গাড়িটি রেলক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় হাওর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চলা শুরু করে। এতে আতঙ্কিত হয়ে জেলা প্রশাসক দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে দাঁড়ান। এ ঘটনায় পথচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে এবং হাতে সিগন্যাল দিয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করলে চালক ৫০-৬০ মিটার দূরে ট্রেনটি থামাতে সক্ষম হন। এতে অল্পের জন্য জেলা প্রশাসকসহ বেশ কয়েকজন পথচারী প্রাণে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শী মঞ্জুর হোসেন জানান, ওই ক্রসিংয়ে ফ্লাইওভার না থাকায় পথচারীদের প্রায়ই এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। এটি এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের সহকারী স্টেশনমাস্টার সোহরাব হোসেন জানান, প্রথমে ক্লিয়ারেন্স দিলেও ট্রেনটি অজ্ঞাত কারণে স্টেশনে প্রবেশ না করে হোম সিগন্যালে দাঁড়িয়ে থাকে। পরে ক্লিয়ারেন্স উঠিয়ে নিয়ে ক্রসিং পয়েন্টের গেট খুলে দেওয়া হয়।