অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা
চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ট্রেনটি গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদরের কোড্ডা এলাকায় লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার আশঙ্কায় পড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে কোড্ডা রেলওয়ে লেভেল ক্রসিংয়ে আখাউড়া স্থলবন্দরগামী পাথরবোঝাই একটি ট্রাক আটকে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের দুটি রেললাইন বন্ধ হয়ে পড়ে। কিছু সময় পর ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটের দিকে যাওয়ার জন্য সিগন্যালে (সংকেত) সবুজ বাতি জ্বলে ওঠে। এরই মধ্যে মহানগর প্রভাতী ট্রেনটি আসতে থাকে। এই অবস্থায় স্থানীয় লোকজন পাশের মসজিদের অনুদান তোলার মাইকে চালকের উদ্দেশে ট্রেন থামানোর ঘোষণা দিতে থাকেন। অনেকে রেললাইনে ওঠে কাঁধের গামছা, লাল গেঞ্জি ইত্যাদি ওড়াতে থাকেন। স্থানীয় এই তৎপরতায় দুর্ঘটনার আগেই চালক ট্রেনটি থামাতে সক্ষম হন। পরে ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়। তবে এর আগে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শী শওকত ওসমান প্রথম আলোকে বলেন, বেপরোয়া গতির একটি অটোরিকশাকে রাস্তা ছেড়ে দিতে গিয়ে ট্রাকটির চাকা দুটি রেললাইনের মাঝের মাটিতে দেবে আটকে যায়। ট্রেন আসতে দেখে দুর্ঘটনার আশঙ্কায় ট্রাকের চালক পালিয়ে গেছেন। ট্রেনের চালক মো. আজিম বলেন, ‘দূর থেকে একটি ট্রাক থেমে থাকতে দেখি। রেললাইনে ওঠে স্থানীয় লোকজন হাত নাড়ছিলেন। মাইকেও ঘোষণা শুনেছি। দিনের বেলায় বলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।’ আখাউড়া জংশনের কেবিন মাস্টার (কন্ট্রোল) আতাউর রহমান জানান, ট্রাকটি সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে এক ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। আখাউড়া রেলওয়ে জংশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) রুহুল আক্তার খান জানান, এই লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণের জন্য তাঁর দপ্তর থেকে একাধিকবার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু কাজ হয়নি।