অল্পের জন্য প্রাণে রক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবাদত হোসেন। আজ শুক্রবার দুপুরের দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে তিনি অক্ষত আছেন।

এ দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। ইউএনওর গাড়িটি নেওয়া হয় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে ইউএনও ইবাদত হোসেন সরকারি কাজে কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় যান। কাজ শেষে বেলা একটার দিকে কুষ্টিয়া ফেরার পথে ভাদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে এতে ইউএনও অক্ষত আছেন। বাসের যাত্রীদের কোনো সমস্যা হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বড় একটা দুর্ঘটনা থেকে ইউএনও রক্ষা পেলেন।

মুঠোফোনে ইউএনও ইবাদত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে একটা বাঁক ছিল। সড়ক ছিল পিচ্ছিল। “মায়ের দোয়া” নামের বাসটি সামনে এসে মুখোমুখি লেগে যায়। আমার গাড়ির পাশে একটি ইজিবাইক থাকায় বামে যাওয়া সম্ভব ছিল না। এ জন্য মুখোমুখি লেগে যায়। এতে চালক তাহের সামান্য আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমি বাসাতে আছি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ দুর্ঘটনার বিষয়ে জিডি করা হয়েছে।