ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাশিদ আসকারী গতকাল বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
উপাচার্যের কার্যালয় সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে ক্যাম্পাস থেকে তিনি কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়ায় শুরু হওয়া লালন মেলায় যাওয়ার পথে কুষ্টিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সামনে পৌঁছালে হঠাৎ করে তাঁকে বহনকারী গাড়িটি ঝাঁকি দিয়ে ওঠে। চালক দ্রুত গাড়ি ব্রেক করে সাইড করে দাঁড়ান। তিনি দেখতে পান গাড়ির পেছনের বাঁ পাশের চাকার ছয়টি স্ক্রুর (নাট) পাঁচটিই খুলে পড়ে গেছে। পরে উপাচার্য অন্য গাড়িতে করে লালন মেলায় যোগ দেন। বেলা দেড়টার দিকে তিনি ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, গ্রীন ফোরামের নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন। পরে তাঁরা বিজ্ঞপ্তির মাধ্যমে একই দাবি জানান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টর মাহবুবর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপাচার্যের গাড়িচালক মো. আসাদ বলেন, ‘গাড়ি চালানো অবস্থায় প্রথমে গাড়িতে একটি ঝাঁকি লাগে। একপর্যায়ে
খটখট শব্দ হতে থাকলে গাড়ি ব্রেক করে সাইড করি। পরে পেছনের চাকার পাঁচটি নাট খুলে পড়ে গেছে দেখতে পাই।’ তবে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।
উপাচার্য রাশিদ আসকারী বলেন, ‘আমি পূর্বনির্ধারিত একটি প্রোগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি আমার কাছে সাধারণ ঘটনা বলে মনে হয়নি। এর পেছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলে মনে হয়।’ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় থানায় জিডি করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।