অল্পের জন্য বেঁচে গেল আড়াই শ যাত্রীর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড ঢেউ আর ঝোড়ো হাওয়ার প্রভাবে প্রায় আড়াই শ যাত্রী নিয়ে ডুবোচরে আটকে পড়ে ঢাকা থেকে রাঙ্গাবালীগামী দোতলা লঞ্চ এমভি জাহিদ-৪। এরপর ভাটির টানে নদীর পানি কমতে থাকলে লঞ্চটির পেছনের দিক ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।একপর্যায়ে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়লে তাঁরা মুঠোফোনে যোগাযোগ করেন স্বজনদের সঙ্গে। পরে স্থানীয় লোকজন একাধিক ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে উদ্ধার করে লঞ্চের যাত্রীদের। ওই রাতে ভোলা থেকে এমভি রাসেল-১ নামের অপর একটি দোতলা লঞ্চকে খবর দিয়ে আনা হয়। পরে এমভি রাসেল-১ এর সঙ্গে রশি দিয়ে বেঁধে এমভি জাহিদ-৪ লঞ্চটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কবলে পড়া এমভি জাহিদের যাত্রী রাঙ্গাবালীর ছোট বাইশদিয়া ইউনিয়নের রিনা বেগম (৩২) জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে লঞ্চটি গলাচিপার পানপট্টি ঘাটের কাছাকাছি আগুনমুখা মোহনায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে লঞ্চের সামনের দিকটা ডুবোচরে আটকে যায়। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পরও লঞ্চটিকে ডুবোচর থেকে নামাতে পারছিলেন না চালকেরা। এমভি জাহিদ-৪-এর পরিদর্শক মো. কাদের মিয়া জানান, সোমবার বিকেলে পানপট্টি ঘাটে লঞ্চটি ভেড়ানোর সময় ঝোড়ো হাওয়া, নদীতে ভাটার তীব্র টান এবং প্রচণ্ড ঢেউ ছিল। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি ডুবোচরে আটকে যায়।