বিছানায় শোয়ানো হয়েছে রোগী, সেবিকা রক্তের ব্যাগ নিয়ে প্রস্তুত। অস্ত্রোপচারকক্ষে অপেক্ষা করছেন চিকিৎসক। অস্ত্রোপচারের আগে রোগী আসনা দাসীর (৩৮) শরীরে রক্ত দেওয়া হবে। এমন সময় হঠাৎ সিদ্ধান্ত হলো, প্যাথলজির দেওয়া রক্তের গ্রুপ নির্ণয়ের প্রতিবেদনটি ফের যাচাই করে নেওয়া হোক। প্যাথলজি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, রোগীর রক্তের গ্রুপ ‘এবি পজেটিভ’। যাচাই করতে গিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ পেলেন, ‘বি পজেটিভ’। উপস্থিত সবাই তখন হতবাক। অল্পের জন্য তাঁরা মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন। বেঁচে গেলেন আসনা। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আল-শিফা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ ভুল প্রতিবেদনটি দেয়। আর সেটি ধরা পড়ে শহরের ইবনে-সিনহা ক্লিনিকে। গত বৃহস্পতিবার শহরের ইবনে-সিনহা ক্লিনিকে উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের কিনে দাসের স্ত্রী আসনা দাসীর অস্ত্রোপচারের সময় এ ঘটনা ঘটে। দিনমজুর কিনে দাস জানান, তাঁর স্ত্রী আসনা দীর্ঘদিন ধরে অসুস্থ। স্থানীয় জগন্নাথপুর গ্রামের পল্লী চিকিৎসক ভোলানাথের কাছে গিয়েছিলেন তাঁরা। তিনি বেশকিছু পরীক্ষা করানোর জন্য বলেন এবং আল-শিফা ডায়াগনস্টিক সেণ্টারে পাঠান। সেখানে এক হাজার ৪৫০ টাকায় বেশ কয়েকটি পরীক্ষা করানো হয় আসনার। এর মধ্যে রক্তের গ্রুপ নির্ণয়ও ছিল। রোগ নির্ণয় শেষে প্যাথলজি কর্তৃপক্ষ জানায়, আসনার জরায়ুতে টিউমার হয়েছে। দ্রুত অস্ত্রোপচার করতে হবে। এরপর আসনাকে নিয়ে যাওয়া হয় ইবনে-সিনহা ক্লিনিকে। সেখানে বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের আগে শরীরে দুই ব্যাগ রক্ত দিতে হবে। আল-শিফার প্রতিবেদন দেখে দুই ব্যাগ এবি পজেটিভ রক্ত সংগ্রহ করা হয়। কিন্তু রোগীর শরীরে রক্ত প্রবেশ করানোর আগে তাৎক্ষণিক যাচাই করতে গিয়ে ধরা পড়ে, ২১ জুলাই আল-শিফা কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনটি ভুল। অস্ত্রোপচার করতে যাওয়া চিকিৎসক নূর-উন-নবী বলেন, ‘ভুল রিপোর্ট দেখে আসনা দাসের শরীরে ওই গ্রুপের রক্ত দিলে সঙ্গে সঙ্গে মারা যাওয়ার সম্ভাবনা ছিল। ফলে অল্পের জন্য বেঁচে গেলেন তিনি।’ কিনে দাস জানান, তিনি দিনমজুরি করে সংসার চালান। তাঁর ছোট ছোট চারটি শিশু রয়েছে। আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী আসাদুজ্জামান জানান, নাম ভুলের কারণে এ সমস্যা দেখা দিয়েছে। এজাতীয় ঘটনা তাদের প্রতিষ্ঠানে আগে কখনো ঘটেনি বলে দাবি করেন তিনি। এটা অনিচ্ছাকৃত ভুল। অবশ্য এলাকার একাধিক ক্লিনিক মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের কাছে যেসব রোগী আসেন আল-শিফার প্রতিবেদন দেখালে তাঁরা ভরসা করতে পারেন না। প্রায়ই কোনো না কোনো ভুল ধরা পড়ে, যে কারণে তাদের প্রতিবেদন দ্বিতীয় দফা পরীক্ষা করাতে হয়। আর এতে রোগীর খরচ বেড়ে যায়।