অল্পের জন্য বেঁচে গেলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে ফেরার পথে সন্দ্বীপ চ্যানেলে জাহাজ থেকে পানিতে পড়ে যান তিনি।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে সাংসদ মাহফুজুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে ঢাকা থেকে প্রথম আলোকে বলেন, সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে ‘এলসিটি কাজল’ জাহাজে চড়ে তিনি চট্টগ্রামের কুমিরা ঘাটে ফিরছিলেন। কুমিরা ঘাটের অদূরে জাহাজটি তীর থেকে দূরে নদীতে নোঙর করে রাখা হয়। এরপর বেলা একটার দিকে জাহাজের সিঁড়ি বেয়ে নেমে স্পিডবোটে উঠছিলেন। এ সময় স্রোতের কারণে স্পিডবোট একটু দূরে সরে গেলে তিনি পানিতে পড়ে যান। জোয়ারের তোড়ে তিনি ১০-১২ হাত দূরে চলে যান। একপর্যায়ে স্পিডবোট থেকে লাইফ জ্যাকেট ছুড়ে মারা হয়। তিনি লাইফ জ্যাকেট ধরে রাখেন। স্পিডবোট নিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
তীরে ওঠার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকায় ফিরে যান সাংসদ।
সাংসদ বলেন, ‘সাঁতার জানতাম না। তবু ভাগ্যক্রমে বেঁচে গেলাম।’
জানা গেছে, কুমিরা-গুপ্তছড়া পথে জাহাজ পরিচালনা করছে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা। তবে জাহাজ পরিচালনা করলেও জাহাজ থেকে তীরে লোক আনা-নেওয়ার নিয়ন্ত্রণ জেলা পরিষদের হাতে। জেলা পরিষদ যাত্রী পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে মন্তব্য সাংসদের।
জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘জাহাজ থেকে ঘাটে যাত্রী পারাপারের দায়িত্ব ইজারাদারকে দেওয়া হয়েছে। এরপরও আমাদের তদারকি দল ছিল। তাদের সঙ্গে কথা বলেছি। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছি।’
এ বিষয়ে ইজারাদার মো. আনোয়ার বলেন, ‘জাহাজ থেকে তীরে যাত্রী আনা-নেওয়ার বিষয়টি আমার নয়।’
ঈদুল ফিতরের আগে সংবাদ সম্মেলন করে এই পথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ১১ দফা দাবি জানিয়েছিল আমরা সন্দ্বীপবাসী নামের একটি সংগঠন। এই ১১ দফার মধ্যে একটি ছিল জাহাজ থেকে যাত্রী ওঠানো-নামানোর জন্য পর্যাপ্ত নৌকার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা।
জানতে চাইলে আমরা সন্দ্বীপবাসীর সভাপতি রফিকুল মাওলা প্রথম আলোকে বলেন, ‘সন্দ্বীপের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম। এই পথে নিরাপত্তা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না।’