অল্পের জন্য রক্ষা!
ভাটার প্রচণ্ড টানে দুটি নোঙর ছিঁড়ে সমুদ্রের দিকে সরে যাচ্ছিল ‘এমভি বঙ্গ লংকা’ নামের সিমেন্টবাহী একটি জাহাজ। একপর্যায়ে জাহাজটির ইঞ্জিনও বিকল হয়ে পড়ে। এ সময় পেছনে অন্য কোনো জাহাজ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় চট্টগ্রাম বন্দর। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বন্দর সূত্র জানায়, রাতেই বন্দর ও নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ গিয়ে জাহাজটিকে টেনে ধরে নিয়ন্ত্রণে রাখে। ইঞ্জিন চালু হওয়ার পর এখন সেটি সাগরে ভাসছে। জাহাজটিতে ২০ জন নাবিক রয়েছেন। তাঁরা এখন নিরাপদে আছেন।জাহাজের মালিকপক্ষ ভাটিয়ারী থেকে নোঙর এনে জাহাজটিতে প্রতিস্থাপন করার কাজ করছে বলে জানা গেছে।জাহাজটির মালিক প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপের কর্মকর্তারা জানান, ২০০৯ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের করাচি বন্দর থেকে এক লাখ ৭৪ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে জাহাজটি বন্দরে আসে। জাহাজটি শ্রীলঙ্কার জাফনা বন্দরে যাওয়ার কথা থাকলেও সেখানে অস্থিতিশীল পরিবেশ থাকায় যায়নি। দীর্ঘদিন সাগরে অবস্থান করা জাহাজটি থেকে সিমেন্ট খালাস করে মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে ভাঙন রোধে ব্যবহারের জন্যও অনুমোদন নিয়েছে এইচআরসি। কিন্তু পরিবহন খরচ নিয়ে জটিলতার কারণে তা খালাস করা সম্ভব হচ্ছে না।বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দরের উদ্ধারকারী জাহাজের সাহায্যে দুর্ঘটনায় পড়া জাহাজ নিয়ন্ত্রণে রাখা হয়েছে।