অল্পের জন্য রক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে একই লাইনে দুটি ট্রেন ঢুকে পড়ার পর একটি ট্রেনকে থামানোর জন্য লাল পতাকা প্রদর্শন করা হচ্ছে। ছবিটি গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় তোলা। ছবি: আলতাফ হোসেন
রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে একই লাইনে দুটি ট্রেন ঢুকে পড়ার পর একটি ট্রেনকে থামানোর জন্য লাল পতাকা প্রদর্শন করা হচ্ছে। ছবিটি গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় তোলা। ছবি: আলতাফ হোসেন

স্টেশনের ১ নম্বর রেললাইনে এসে যাত্রীবাহী ট্রেনটি দাঁড়িয়েছিল। প্রায় আধা ঘণ্টা ট্রেনটি ওই লাইনে থেমেছিল। হঠাৎ করে ওই একই লাইনে ঢুকে পড়ে তেলবাহী একটি ট্রেন (থ্রো-পাস)। নিশ্চিত দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে ট্রেনের কয়েক শ যাত্রীসহ স্টেশনে উপস্থিত লোকজন। ভয়ে চিৎকার শুরু করে সবাই। তাৎক্ষণিকভাবে গেটকিপার লাল পতাকা হাতে নিয়ে দৌড়ে গিয়ে রেললাইনে দাঁড়ান। যাত্রীবাহী ট্রেন থেকে মাত্র ৫০ গজ দূরে তেলবাহী ট্রেনটি চালক থামাতে সক্ষম হন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনযাত্রীরা। ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই ঘটনা ঘটে।

রেলওয়ে স্টেশন কার্যালয় ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের একই রেললাইনে দুটি ট্রেন উঠে পড়ায় নিশ্চিত দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল যাত্রীরা। ওই দিন কুড়িগ্রামের চিলমারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রমনা ৪২১ নম্বর ট্রেনটি রাত নয়টার দিকে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনে এসে থামে। পরের স্টেশনের অনুমতি (ক্লিয়ারেন্স) না পাওয়ায় সেখানেই ট্রেনটি দাঁড়িয়ে ছিল। প্রায় আধা ঘণ্টা পর স্টেশনের একই রেললাইনে তেলবাহী একটি ট্রেন সরাসরি ঢুকে পড়ে। এতে করে আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রী ও স্টেশন চত্বরে উপস্থিত সাধারণ লোকজন দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে চিৎকার ও চেঁচামেচি শুরু করে। সে সময় স্টেশনের গেটকিপার মোকছেদুল ইসলাম লাল পতাকা হাতে দৌড়ে রেললাইনের ওপরে দাঁড়িয়ে তেলবাহী ট্রেনের চালকের দৃষ্টি আকর্ষণ করেন। চালক শেখ আবুল হোসেন দ্রুত ট্রেনটিকে থামাতে সক্ষম হন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় কয়েক শ যাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে, দুই ট্রেনের মধ্যে দূরত্ব ছিল মাত্র ৫০ থেকে ৬০ গজ। তবে দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে।
আহত ট্রেনযাত্রী ইদ্রিস আলী (৪৫) বলেন, ‘দুই ট্রেনের সংঘর্ষ হলে হয়তো আর বেঁচে থাকতাম না। এখন মনে হচ্ছে, নতুন জীবন ফিরে পেলাম। কিন্তু একই লাইনে কীভাবে আর একটি ট্রেন ঢুকল? ঘটনাটি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
অপর ট্রেনযাত্রী রোকেয়া বেগম (৩৫) বলেন, ‘ট্রেন স্টেশনে দাঁড়ানোর পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ট্রেনের ভেতরে শোরগোল ও কান্নাকাটি শুনে বুঝতে পারছিলাম না কী হয়েছে। ততক্ষণে অনেকে ট্রেন থেকে নেমে পড়েছে। ওই সময়ের অবস্থা মুখে বলে বোঝানো যাবে না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী রমনা ট্রেনটি ওই স্টেশনে ঢোকার আগে আউটার সিগন্যাল ডাউন দেওয়া হলেও পরে সেই সিগন্যাল আর ওঠানো হয়নি। এ কারণে আধা ঘণ্টা পর ওই তেলবাহী ট্রেনটি সিগন্যাল ডাউন দেখে সরাসরি স্টেশনের একই লাইনে ঢুকে পড়ে।
জানতে চাইলে তেলবাহী ট্রেনের চালক (লোকো মাস্টার) শেখ আবুল হোসেন বলেন, ‘সিগন্যাল ডাউন দেখে আমি ট্রেন নিয়ে সরাসরি স্টেশনের ১ নম্বর রেললাইনে ঢুকে পড়ি। এই ট্রেন বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়াত না। সরাসরি দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে থামত। কিন্তু অন্ধকারে ট্রেনের আলোতে বুঝতে পারি একই লাইনে অপর একটি ট্রেন দাঁড়িয়ে আছে। ঘটনা বুঝতে পেরে আমি দ্রুত ট্রেনটি থামিয়ে দিই। অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেন ও যাত্রীরা। তিনি এ ঘটনার জন্য বদরগঞ্জ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে দায়ী করেন।’
রেলওয়ে স্টেশনের গেটকিপার মোকছেদুল ইসলাম বলেন, ‘হঠাৎ একই রেললাইনে আরেকটি ট্রেন স্টেশনে ঢুকে পড়ার পর মানুষের চিৎকার-চেঁচামেচি শুনে দ্রুত লাল পতাকা নিয়ে লাইনের ওপরে গিয়ে তা প্রদর্শন করে ট্রেন থামাই। নইলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত।’
ওই সময়ে রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার (চুক্তিভিত্তিক) সফিউর রহমান বলেন, ‘যাত্রীবাহী ট্রেনটি ঢোকার পর দায়িত্বে থাকা লোকজন আউটার সিগন্যাল ওপরে তুলে দেয়। কিন্তু সিগন্যালের সঙ্গে পেঁচিয়ে থাকা তার হয়তো সিগনাল ওপরে ওঠানোর ক্ষেত্রে ঠিকভাবে কাজ করেনি। স্টেশনের বাঁকা লাইনের কারণেও তা দেখা যায়নি। এ কারণেই মূলত সমস্যা হয়েছে। তা ছাড়া তেলবাহী ট্রেনটি শ্যামপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসার সময় কর্তব্যরত স্টেশনমাস্টার বিধি অনুযায়ী তা আমাদের অবহিত করার কথা। অথচ তাঁরা তা জানাননি।’
এ প্রসঙ্গে শ্যামপুর রেলওয়ে স্টেশনে ওই সময়ে দায়িত্বে থাকা স্টেশনমাস্টার শংকর বাবু এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘তেলবাহী ট্রেনটি শ্যামপুর স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গেই বিধি অনুযায়ী স্টেশনের ব্লক যন্ত্রের মাধ্যমে তা বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের ব্লক যন্ত্রে বাজানো হয়। এখন তারা কী করেছে সেটা আমি জানি না।’