অল্পের জন্য রক্ষা
গাজীপুরের দক্ষিণ জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানা পুড়িয়ে দেওয়ার ঘটনার এক দিন না যেতেই গতকাল শনিবার আরেকটি কারখানায় আগুন লেগেছে। তবে কর্তৃপক্ষ দ্রুত আগুন নিভিয়ে ফেলায় রক্ষা পেয়েছে কারখানাটি। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. হাসান বলেন, আগুন দ্রুত নিভিয়ে ফেলায় অল্পের জন্য রক্ষা পেয়েছে কারখানাটি।
কারখানার কর্মকর্তা ও শিল্প পুলিশ সদস্যরা জানান, গাজীপুর সদর উপজেলার মণ্ডল গ্রুপের কটন ক্লাব (বিডি) লিমিটেড নামের কারখানাটির মূল ভবন আটতলা। দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার পঞ্চম তলার সুইং ও ফিনিশিং সেকশনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় শ্রমিকেরা হুড়োহুড়ি করে নামতে থাকেন। দ্রুত নামতে গিয়ে ১০-১২ জন আহত হন। পরে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে কিছু সময়ের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হন।
কারখানার ফিনিশিং সেকশনের শ্রমিক সুলতানা পারভীন বলেন, ‘যেটার আয় থেকে আমাদের সংসার চলে, সেটার ক্ষতি করা খুবই অপরাধের কাজ।’
মণ্ডল গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আমিনুল ইসলাম বলেন, যে স্থানে আগুন লেগেছে সেখানে কোনো বৈদ্যুতিক কেব্ল নেই, এমনকি আগুন লাগার মতো কোনো কারণও নেই। কেউ নাশকতা সৃষ্টির জন্য এ কাজ করেছে।