অল্পের জন্য রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টেশন থেকে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম কলেজের স্টাফ কোয়ার্টারের উদ্দেশে যাওয়ার জন্য সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া নেন মিঠু কুমার নাথ। ভাড়া নিয়ে দরদামের পর গাড়িতে উঠেই তিনি একা যাত্রা করেন। কিছু দূর যাওয়ার পর ওই গাড়িতে আরও তিনজন ওঠে। এরপর মিঠুর ওপর নির্যাতন চালানো শুরু হয়। কেড়ে নেওয়া হয় টাকা।নগরের মিসকিন শাহ মাজারের কাছে চলন্ত গাড়িতে চিৎকার শুনে টহল পুলিশের এক কনস্টেবল রাইফেলের বাঁট দিয়ে অটোরিকশার কাচে সজোরে বাড়ি দেন। এরপর মলম পার্টির তিন সদস্য দৌড়ে পালিয়ে যায়। কয়েক কদম দৌড়ে গিয়ে নর্দমা থেকে ধরা হয় মলম পার্টির একজনকে। ফলে নিশ্চিত বিপদ থেকে রক্ষা পান মিঠু কুমার নাথ। গ্রেপ্তার হওয়া মলম পার্টির সদস্যের নাম আবুল হাশেম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। এর আগেও আবুল হাশেম একাধিকবার গ্রেপ্তার হয়। আবার জামিনে বেরিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, ‘গ্রেপ্তার হওয়া আবুল হাশেম নিজেকে সোহেল পরিচয় দেয়। তার গ্রামের বাড়ি খুলনা বলে দাবি করে। কিন্তু তার চেহারা আমার কাছে চেনা চেনা লাগছিল। কারণ, এর আগে আমি বায়েজিদ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছি। তাকে দুবার গ্রেপ্তার করেছি। ল্যাপটপ খুলে চেহারা মেলাতে থাকি। এরপর নিশ্চিত হই, যে নিজেকে সোহেল বলে পরিচয় দিয়েছে তার আসল নাম আবুল হাশেম।’ পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়া আবুল হাশেমের বিরুদ্ধে মিঠু কুমার নাথ বাদী হয়ে একটি মামলা করেছেন। পালিয়ে যাওয়া তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।