অল্পের জন্য রক্ষা!
অল্পের জন্য রক্ষা পেলেন আটজন কিশোর-তরুণ! কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলারে করে পিকনিকে বেরিয়েছিলেন প্রায় সমবয়সী ৪৪ জন কিশোর-তরুণ। ফেরার পথে ট্রলারের ছাদে থাকা তাদেরই আটজন বিদ্যুৎস্পৃষ্ট হন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দড়িকান্দি ও শোলাকান্দি গ্রামের মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত কিশোর নাদিম মোস্তফা (১৬) জানায়, বর্ষার কারণে গ্রামের মাঠে এখন পানি বেড়ে গেছে। এখানে নৌকা ও ট্রলার চলাচল করে। তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের সমবয়সী তারা ৪৪ জন কিশোর-তরুণ আজ সকালে একটি ট্রলারে করে গ্রামের পাশেই পিকনিকে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাদের কয়েকজন ট্রলারের ছাদে উঠে। ট্রলারটি দড়িকান্দি ও শোলাকান্দি গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিদ্যুতের প্রধান সংযোগের সঙ্গে ছাদে থাকা আট শিক্ষার্থী জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তারা আহত হয়। অন্যদের কোনো ক্ষতি হয়নি।
আহতরা হলেন শোলাকান্দি গ্রামের ডালিম হোসেন (১৭), শফিউল্লাহ (২০), শিপন মিয়া (১৮), মহরম আলী (১৯), শাকিব হোসেন (১৮), তোফাজ্জল হোসেন (১৯), নাদিম মোস্তফা (১৬) ও ইসমাইল হোসেন (২৪)।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাওন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডালিম হোসেন ও শফিউল্লাহর হাত-পায়ের অনেকটা অংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।