ঘন কুয়াশার কবলে পড়ে চাঁদপুরের মেঘনা নদীতে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর চারটায় গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চ দুটিতে কয়েক শ যাত্রী ছিল। সংঘর্ষে একটি লঞ্চের ব্যাপক ক্ষতি হয়।দুর্ঘটনায় আহত হিজলার ইমানউদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তির পর ঢাকায় স্থানান্তর করা হয়েছে। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ জানান, এমভি রফরফ নামের একটি যাত্রীবাহী লঞ্চ গতকাল ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল। অপরদিকে পটুয়াখালী থেকে চাঁদপুর হয়ে ঢাকা যাচ্ছিল এমভি যুবরাজ-১ নামের অপর একটি লঞ্চ। গজারিয়া এলাকায় লঞ্চ দুটি পৌঁছানোর পর ঘন কুয়াশায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। লঞ্চের গতি কম থাকায় বড় ধরনের বিপর্যয় না ঘটলেও যুবরাজ-১ লঞ্চটির পাঁচজন যাত্রী আহত হন। আহত ইমানউদ্দিন বলেন, ‘কুয়াশার মধ্যে যুবরাজ-১ লঞ্চটি নদীতে নোঙর করে ছিল। হঠাৎ পেছন থেকে ওই লঞ্চটি এসে একে আঘাত করে। অল্পের জন্য যুবরাজ-১ শত শত যাত্রীসহ ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।’ চাঁদপুর লঞ্চঘাটের আবে জমজম লঞ্চের তত্ত্বাবধায়ক বিপ্লব সরকার জানান, রফরফ লঞ্চটির ধাক্কায় যুবরাজ-১ লঞ্চের ব্যাপক ক্ষতি হয়েছে।