অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশি জাহাজ
অল্পের জন্য জলদস্যুদের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ। আরব সাগরে জলদস্যুদের ধাওয়া খেয়ে পাকিস্তান উপকূলে আশ্রয় নিয়েছে জাহাজটি। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্র জানায়, ভারতে কান্দলা বন্দরে পণ্য খালাস করে ইরানের বন্দর আব্বাসে যাওয়ার পথে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি ক্রিস্টাল গোল্ড। এ সময় জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। জলদস্যুদের ধাওয়া খেয়ে জাহাজটি গতিপথ পরিবর্তন করে পাকিস্তান উপকূলের দিকে ছুটে যায়। একপর্যায়ে জলদস্যুদের বহনকারী জলযানটি পিছু হটে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যার সময় জাহাজটি পাকিস্তান উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। জাহাজের বাংলাদেশি নাবিকেরাও নিরাপদে আছেন।’
জাহাজের মালিক প্রতিষ্ঠান ইব্রাহিম নেভিগেশন লিমিটেডের কর্ণধার ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ঘটনার কথা শুনিনি। আমাদের সব জাহাজ নিরাপদে আছে।’
জানা গেছে, প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছ থেকে জাহাজটি কেনেন মোরশেদ মুরাদ। জাহাজটি খোলা পণ্য পরিবহনে নিয়োজিত।