অল্পের জন্য রক্ষা পেল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রেমের ফাঁদে পড়ে পাচারের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। রংপুর কোতোয়ালি পুলিশের হেফাজতে থাকা মেয়েটিকে গতকাল মঙ্গলবার তার পরিবারের সদস্যের কাছে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ মেয়েটির উদ্ধৃতি দিয়ে জানায়, ঢাকার ধামরাইয়ের যাদবপুর এলাকার ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকে রাফি খান নামের এক ব্যক্তির সখ্য এবং পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই ব্যক্তি তাকে বিয়ে করে বিদেশ নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। লোকটির এ প্রস্তাবে আবেগপ্রবণ হয়ে মেয়েটি রাজি হয়ে যায়।
ফেসবুকের মাধ্যমে রাফি খান মেয়েটিকে রংপুরের সুমন নামের এক যুবকের মুঠোফোন নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন। সে অনুযায়ী মেয়েটি সুমনের মুঠোফোনে ফোন দেয়। এরপর সুমন বলেন, ‘তুমি রংপুরে চলে আসো। সব ব্যবস্থা হয়ে যাবে।’ পরে মেয়েটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা দেয়। গত সোমবার রাত ১০টার দিকে মেয়েটি রংপুরে ঢাকা বাসস্ট্যান্ড শহরের কামারপাড়ায় নামে। সেখানে সুমন নামের ওই যুবকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর যুবকটি মেয়েটিকে দিনাজপুরের হিলি সীসান্তে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালালে মেয়েটি অস্বীকৃতি জানায়।
শহরের ঢাকা বাসস্ট্যান্ডের একটি গাড়ির ব্যবস্থাপক আবেদুল মিয়া বলেন, একটি মেয়ের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি দেখে সেখানকার শ্রমিকেরা ছুটে গেলে ছেলেটি দ্রুত সটকে পড়েন এবং মেয়েটি কান্নাকাটি করতে থাকে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মেয়েটিকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেয়ের বাবাকে ডেকে এনে গতকাল তাঁর কাছে মেয়েটিকে তুলে দেওয়া হয়েছে। ভুয়া ফেসবুকের মাধ্যমে প্রেম করে করে আবেগের বশে মেয়েটি ছুটে এসেছিল রংপুরে।