অল্পের জন্য রক্ষা পেল ২৩ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর পশ্চিম ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের ছাদের বিম ধসে পড়ে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর পশ্চিম ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের ছাদের বিম ধসে পড়ে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

ছুটি হওয়ার মাত্র পাঁচ মিনিট পর ধসে পড়ল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর পশ্চিম ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের ছাদের বিম। এতে অল্পের জন্য রক্ষা পেল ২৩ শিশু শিক্ষার্থী। গত বুধবার এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের অভিযোগ, কয়েক বছর আগে বিদ্যালয় ভবনটির বিমসহ ছাদের বিভিন্ন অংশ ও দেয়ালে ফাটল দেখা দেয়। ঝুঁকিপূর্ণ হওয়ার পরও কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেনি। এর মধ্যেই চালানো হতো পাঠদান। ভবনটির ছাদের বিম ধসে পড়ার পর গতকাল বৃহস্পতিবার দুপুরেও ওই ভবনের দুটি কক্ষে পাঠদান চলছিল। পরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের তিনটি কক্ষ। এর মধ্যে একটি কক্ষে গতকাল সকালের পালায় প্রাক-প্রাথমিক শিশুদের পাঠদান করা হয়। বেলা সোয়া ১১টায় তাদের ছুটি দেওয়া হয়। ছুটি দেওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ওই কক্ষের ছাদের বিম ধসে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পায় ওই শ্রেণির ২৩ জন শিক্ষার্থী। বিদ্যালয়সূত্রে জানা যায়, ওই কক্ষে দ্বিতীয় পালায় পঞ্চম শ্রেণির পাঠদান হয়। তবে বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার মডেল টেস্ট থাকায় শিক্ষার্থীরা আসেনি।

স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগেই বিদ্যালয় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। কিন্তু শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবনটি পরিত্যক্ত ঘোষণা না করে ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে আসছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকেরাও দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছিলেন।

প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন, ‘১৯৯৩ সালে তিন কক্ষবিশিষ্ট বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আমরা একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে সংস্কারের জন্য আবেদন জানিয়েছি। কিন্তু এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।’

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, গতকাল বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আপাতত ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশের উচ্চবিদ্যালয়ের কক্ষে পাঠদান করতে বলা হয়েছে।