অল্পের জন্য রক্ষা পেলেন ৪৫০ যাত্রী
ভোলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ফারহান-৬ নামের একটি লঞ্চের ৪৫০ জন যাত্রী। গত রোববার চরফ্যাশনের বেতুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লঞ্চটি তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর স্লুইসগেট এলাকায় পৌঁছালে এটির তলা ফেটে যায়।
স্থানীয় প্রশাসন লঞ্চটি আটকে রেখে যাত্রীদের নামিয়ে দেয়। তাড়াহুড়া করে লঞ্চ থেকে যাত্রীরা নামতে গিয়ে ৫০ জন যাত্রী আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুজ্জামান এ তথ্য দেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রোববার বিকেলে এমভি ফারহান-৬ নামের লঞ্চটি ৪৫০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় এলে এর তলা ফেটে যায়। এ সময় যাত্রীরা চিৎকার শুরু করলে লঞ্চের মাস্টার লঞ্চটি কেয়ামুল্যাহ এলাকায় ভেড়ান। পরে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরের সহায়তায় যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় ৫০ জন যাত্রী কমবেশি আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে লঞ্চের সুপারভাইজার সোহেল লঞ্চটির তলা ফাটার কথা অস্বীকার করেন।