অশান্ত পরিস্থিতির মূলে আধিপত্য বিস্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রসংগঠনের অভ্যন্তরীণ কোন্দল, হাসপাতালের সনদ-বাণিজ্য, চাঁদাবাজি, বদলি-বাণিজ্যসহ নানা কারণে খুলনা মেডিকেল কলেজে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পেশাজীবী সংগঠন ও কলেজ প্রশাসনের ইন্ধনে ছাত্ররা সহিংসতায় জড়িয়ে পড়েছেন বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। এদিকে কলেজে ছাত্রলীগের দুই পক্ষের বিবাদে নেতৃত্ব দেওয়ার অভিযোগে গতকাল বুধবার সকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার জুয়েল কৃষ্ণ সুরের বাসভবনে ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদ ও অবিলম্বে কলেজ খোলার দাবিতে স্বাচিপের নেতারা কলেজ প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি ও স্বাচিপ খুলনার সভাপতি বাহারুল আলম প্রথম আলোকে বলেন, কলেজ বন্ধের সিদ্ধান্ত হটকারী। এটি ছাত্রলীগের দুই পক্ষের বিবাদ নয়। কলেজ বন্ধ করে এ সমস্যার সমাধান করা যাবে না। সাধারণ শিক্ষার্থীরা চাঁদাবাজি, নির্যাতন ও অছাত্রসুলভ আচরণের জন্য যেসব ছাত্রনেতাকে দায়ী করেছেন, তাঁরাই কলেজ প্রশাসনের ছত্রচ্ছায়ায় লালিত-পালিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, মেডিকেল কলেজে প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্ররাজনীতি বন্ধ থাকলেও পেশাজীবী সংগঠনের নেতারা নিজেদের আধিপত্য বিস্তারে শিক্ষার্থীদের ব্যবহার করছেন।কয়েকজন চিকিৎসক জানান, বিএমএর বিগত নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষস্থানীয় দুই নেতার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে হাসপাতালে সনদ ও বদলি-বাণিজ্যের প্রতিবাদে ছাত্রদেরও জড়ানো হয়। সে সময় কিছু ছাত্র হাসপাতাল ও ক্যাম্পাসে ভাঙচুর করলে বড় ধরনের সহিংসতা এড়াতে ২০০৯ সালের ১৬ নভেম্বর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওই বছরেরই ২২ নভেম্বর বঙ্গবন্ধুর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আবারও কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে তৎকালীন অধ্যক্ষ কে পি সরকার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বর্তমানে কিছু শিক্ষার্থী নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চিকিৎসক নেতারা চিন্তিত। স্বাচিপের খুলনার সহসভাপতি তোজাম্মেল হোসেন বলেন, একই ধরনের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হলেও অন্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কলেজ প্রশাসন কঠোর হলে পরিস্থিতি এমন হতো না।কলেজের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সম্প্রতি খুলনা বিএমএ ভবনে কলেজ কর্তৃপক্ষ, স্বাচিপের নেতারা ও সিটি করপোরেশনের মেয়রের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে স্থিতিশীল আচরণ করতে ও অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। জানা যায়, বৈঠকে বিবদমান দুই পক্ষের শীর্ষস্থানীয় কয়েকজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়; যা কর্তৃপক্ষ ধাপে ধাপে বাস্তবায়ন করবে। কলেজের অধ্যক্ষ কাজী হামিদ আসগর বলেন, শিক্ষার্থীর বহিষ্কারাদেশের ব্যাপারে একাডেমিক কাউন্সিলেরও একটি সিদ্ধান্ত রয়েছে। ছাত্রদের সহিংসতার পেছনে পেশাজীবী সংগঠনগুলোর হস্তক্ষেপ রয়েছে কি না, সে ব্যাপারে তিনি কোনো কথা বলতে রাজি হননি। পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব, কলেজ খুলে দেওয়া হবে বলে তিনি জানান।স্বাচিপের নেতা বাহারুল আলম বলেন, কলেজ খোলার ব্যাপারে প্রয়োজন হলে স্বাচিপের নেতারা অবশ্যই সহযোগিতা করবেন। পাল্টাপাল্টি ধাওয়ার পর খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাত আটটার মধ্যে হল ছেড়েছেন। তবে গতকাল বুধবার ক্যাম্পাসের আশপাশে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বিক্ষিপ্তভাবে অবস্থান নিতে দেখা যায়।